প্রতিনিধি
চাঁদপর পৌরসভায় চুরির সাথে জড়িত থাকা সন্দেহে আটক ২জনের বিরুদ্ধে আদালতের কাছে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। গতকাল শনিবার চাঁদপুর মডেল থানার পুলিশ আটককৃত পৌরসভার নৈশপ্রহরী আঃ কারিম (৪৫) ও বিদ্যুৎ লাইনম্যান ইসমাইল গাজী (৩৫) কে আদালতে প্রেরণ করে।
চাঁদপুর মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা খালেকুজ্জামানের সাথে আলাপকালে তিনি জানান, আটক দুই জন চুরির সাথে সম্পৃক্ত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। গতকাল তাদেরকে আদালতে পাঠানো হয় এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তাদের ৫ দিনের রিমান্ড চেয়েছেন। চাঁদপুর পৌরসভার হিসাব রক্ষকের কক্ষ থেকে নগদ পৌনে ২ লাখ টাকা সহ মূল্যবান জিনিসপত্র চুরি হয় বৃহস্পতিবার গভীর রাতে। চুরির ঘটনায় পৌর কর্মকর্তা মফিজউদ্দিন হাওলাদার বাদী হয়ে মডেল থানায় শুক্রবার মামলা করেন। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার হিসাব রক্ষকের রুমের দুটি আলমারির তালা ভেঙ্গে টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোর। রাতে নৈশপ্রহরী আঃ করিম পৌর সচিব আবুল কালাম ভূঁইয়াকে ফোনে চুরির ঘটনা জানান। পৌরসভার কর্মকর্তারা দ্রুত পৌরসভায় এসে মডেল থানায় খবর দিলে থানার এসআই খালেকুজ্জামান ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী করিমকে থানায় নিয়ে যান। তার তথ্য অনুযায়ী ইসমাইল গাজীকে পরদিন আটক করা হয়। এদিকে পৌর ভবনের মতো এমন একটি সুরক্ষিত ভবনে চুরি হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে।
এ ব্যাপারে পৌর সচিব আবুল কালাম ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চুরির ঘটনায় পৌরসভার পক্ষ থেকে মামলা করা হয়েছে। আইনগতভাবে যা হবার তাই হবে। আশা করি প্রকৃত চোর বেরিয়ে আসবে এবং চুরি হওয়া টাকা ও মালামাল উদ্বার হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচির ব্যয়ের জন্য এ টাকা ব্যাংক থেকে তুলে হিসাব রক্ষক তার কাছে রেখেছেন। পরদিনই এ টাকা খরচ করা হতো। আর রাতেই এ চুরির ঘটনা ঘটলো।
