রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের সৌদি আরব প্রবাসী কলমতর গাজী হত্যা মামলায় স্ত্রী শিল্পী বেগম (৩২) ও পরকিয়া প্রেমিক কবির গাজী (২৮) কে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রীশদ এই রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত কবির গাজী বিষ্ণপুর গ্রামের গাজী বাড়ীর মোখলেছুর রহমান গাজীর ছেলে এবং শিল্পী বেগম উত্তর বিষ্ণুপুর গ্রামের মো. কামাল হোসেন গাজীর মেয়ে।
মামলার বিবরণ থেকে জানাযায়, নিহত কলমতর গাজী সৌদি আরবে থাকতেন। ঘটনার ৩ মাস পূর্বে তিনি দেশে আসেন। স্ত্রীর সাথে আসামী কবির গাজীর পরকিয়া প্রেমের ঘটনা জানার কারণে তাদের মধ্যে কলোহ দেখা দেয়। এরপর ২০১৩ সালের ৭ জুলাই দিবাগত রাতে পরিকল্পিতভাবে কবির গাজী ও কলমতরের স্ত্রী শিল্পী বেগম পাশ্ববর্তী পাকের ঘরে নিহত কলমতর গাজীর বুকে ও শরীরের বিভিন্ন স্থানে চুরিকাঘাত করে মেরে মাটি চাপা দিয়ে রাখে। ১০ জুলাই শিল্পী বেগম নিজেই স্বামী নিখোঁজ হয়েছে মর্মে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরী করতে আসেন। পুলিশ সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে মূল ঘটনা ফাঁস হয়ে যায় এবং তাদেরকে থানায় আটক করে। এই ঘটনায় নিহত কলমতর গাজীর ছোট ভাই লিটন গাজী ১১ জুলাই বাদী হয়ে ৩০২/২০১/৩৪ ধারায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। সরকার পক্ষের আইনজীবী সায়্যেদুল ইসলাম বাবু জানান, তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক ২০১৪ সালের ১৭ এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। মামলাটি ৩ বছর ৪ মাস আদালতে চলমান থাকা অবস্থায় আদালত ২১ জনের স্বাক্ষ্য গ্রহন করেন। আদালত সন্দেহাতিত ভাবে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে উভয় আসামীকে ৩০২ ধারায় মৃত্যুদন্ড, ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
