স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকা উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং, কোড়ালিয়া রোড থেকে নিশি বিল্ডিংয়ের প্রবেশের নতুন রাস্তায় ও মাদ্রাসা রোডস্থ লঞ্চঘাট এলাকায় মাদকের জমজমাট ব্যবসা চলছে। এক শ্রেণীর যুবক পথচারীদেরকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে প্রতিদিন জিম্মি করে নগদ অর্থ ও মালামাল হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেয়া জরুরি হয়ে পড়েছে।
চাঁদপুর শহরের নিশি বিল্ডিং, কোড়ালিয়া রোড নতুন রাস্তা ও বিকল্প লঞ্চঘাট এলাকায় বিগত কয়েক মাস যাবৎ এক শ্রেণীর অসাধু যুবক অতি দ্রুত অর্থ উপার্জনের নেশায় কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মাদকের ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের সাথে গোপনে হাত মিলিয়ে উক্ত এলাকা থেকে মাদক এনে বিক্রি করে এলাকাটিকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে। প্রতিদিন সন্ধ্যার পর হতে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে যুবক শ্রেণীর স্কুল, কলেজ পড়–য়া ছাত্রসহ বিভিন্ন শ্রেণীর যুবকরা মোটরসাইকেল ও বিভিন্ন সিএনজি স্কুটার যোগে নিশি বিল্ডিং, কোড়ালিয়া ও লঞ্চঘাট এলাকায় এসে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও গাঁজা ক্রয় করে নিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠেছে। বিভিন্ন এলাকার সন্ত্রাসী চক্র ও দুর্বৃত্ত চক্র বিভিন্ন এলাকা থেকে নিশি বিল্ডিং এলাকা ও মাদ্রাসা রোড এলাকায় এসে মাদক বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে এলাকার যুবসমাজ এ মাদকের ছোবলে পড়ে মাদকাসক্ত হয়ে লেখাপড়া ছেড়ে দিয়ে মাদক সেবনে মেতে ধ্বংস হচ্ছে। অভিভাবকরা সন্তানদেরকে নিয়ে মারাত্মক আতঙ্ক উৎকন্ঠের মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে।
ঐ চক্রটি এ রাস্তা দিয়ে চলাচলকারী পথচারী ও বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদেরকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল সেট ও মালামাল ছিনিয়ে নিচ্ছে। এ ব্যাপারে চাঁদপুরের আইন নিয়ন্ত্রনকারী সংস্থার কর্তৃপক্ষকে স্থানীয়ভাবে জানানো হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করছে না। মাদক বিক্রি ও সেবনের নিরাপদ স্থান হচ্ছে নিশি বাবুর পরিত্যাক্ত বিল্ডিং, মাদ্রাসা রোড, কাঁচ্চা কলোনীর রাস্তা, জামতলার রাস্তা, বিকল্প লঞ্চঘাট এলাকা ও নিশি বিল্ডিং নদীর পাড়।
এলাকাবাসীর অভিযোগে আরো জানা যায়, এ চক্রটি বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদেরকে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে অজ্ঞান করে নদীর পাড়ে নিয়ে সর্বস্ব লুটে নিয়ে তাদেরকে রেখে উধাও হয়ে যায়। এ ব্যাপারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের নিরাপত্তা ও এলাকাবাসীর নিরাপত্তা, যুবক ও কিশোরদের ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য অতি জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে বলে অভিজ্ঞ মহল মত প্রকাশ করেছে। এলাকাবাসী চাঁদপুরের যুবসমাজ ও নৌ-পথে যাত্রীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুরের পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তা’না হলে উক্ত এলাকায় নেশা পান করিয়ে সর্বস্ব লুটে নেয়া চক্রের হাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
শিরোনাম:
সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
