
শাহরিয়ার খাঁন কৌশিক : চাঁদপুর-লাকসাম রেলপথের চাঁদপুর শহরের মিশন রোড নামক স্থানে রেল লাইনের পাশের পুকুরে মাটি ভেঙ্গে পড়ছে। এতে করে এ পথের মিশন রোড নামক স্থানটি ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে। যে কোন মুহুর্তে স্থানের মাটি রেল ট্রেন চলন্ত অবস্থায় ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশংকা বিরাজ করছে। রেলওয়ের কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে মারাত্বক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জরুরী ভিত্তিতে এ পথের ভেঙ্গে যাওয়া স্থানটি মেরামত করা না হলে ট্রেন দুর্ঘটনা ঘটে প্রাণ হানীর আশংকা রয়েছে। রেললাইনের সাথের মাটি পাশের লেকে ভেঙ্গে পড়ায় লাইনটি ঝুঁকিতে আছে। অতি বৃষ্টির কারণে এ মাটি ভেঙ্গে পড়ছে বলে অনেকর ধারণা। আবার কেউ কেউ বলছেন লেকে যে মাছ চাষ করা হচ্ছে এ মাছ লেকের মাটি খেয়ে ফেলছে। এ কারণেই রেললাইনের পাড়ের মাটিতে ধ্বস নামছে। তবে যে কারণেই হোক এখনই রেললাইনের পাড় সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে।
চাঁদপুর-লাকসাম রেলপথের চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় রেললাইনের সাথেই রয়েছে একটি বিশাল লেক। সাবেক ছায়াবাণী সিনেমা হলের পর থেকে (বর্তমান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড় থেকে) পূর্ব দিকে মিশন রোডের রেল ক্রসিং পর্যন্ত এ লেকটির অবস্থান। এ লেকটিতে ওই এলাকারই মনু হাজী দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছেন। এ লেকের দক্ষিণ পাড়ে রেললাইনের পাড়ের মাটি অনেক দিন যাবৎ কিছু কিছু করে ধ্বসে পড়ছে লেকে। ইদানিং কালে প্রবল বর্ষন ও অবিরাম অতি বৃষ্টির কারণে খুব বেশি মাটি ধ্বসে পড়ছে। এ ধ্বস রেললাইনের কাছাকাছি চলে এসেছে। রেললাইনের পাড়ে থাকা একটি গাছও গোড়া থেকে মাটিসহ লেকে ধ্বসে পড়েছে। পরিস্থিতি ক্রমান্বয়ে ঝুঁকির দিকে যাচ্ছে। অনেক স্থানের মাটি দেবেও গেছে। এখনই এ রেললাইনের পাড় সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে। যে কোনো সময় হয়ে যেতে পারে রেল যোগাযোগ বিচ্ছিন্ন। মঙ্গলবার বিকেলে দৃশ্য ক্যামেরায় বন্দি করা হলে এ দৃশ্য ছবিতে উঠে আসে।
এ ব্যাপারে কথা হয় বাংলাদেশ রেলওয়ে (পথ)-এর ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মোঃ লেয়াকত আলীর সাথে। তিনি জানান, বিষয়টি আপনার কাছ থেকেই জানলাম। এক্ষুণি ব্যবস্থা নিচ্ছি। এ ব্যাপারে চাঁদপুরে ভূমির দায়িত্বে থাকা কর্মকর্তা উপ প্রকৌশলী জাহান শরীফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি উদ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন লাকসামে দায়িত্ব থাকা কর্মকর্তা এসএসএই/কার্য, রাম নারায়ন ধর।
