স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে অবৈধভাবে চলাচল করা মোটরচালিত রিক্সা ও ভ্রাম্যমাণ ভ্যানগাড়ির উপর অভিযান করেছে ট্রাফিক পুলিশ ও চাঁদপুর পৌরসভা। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় চাঁদপুর পৌরসভার লাইসেন্স বিভাগ ও ট্রাফিক পুলিশ। এ সময় শহরে মোটরচালিত রিক্সা থেকে মোটর খুলে চালককে একটি কাগজ ধরিয়ে দেয়া হয়। অভিযানে ২৯টি মোটর এবং শহরে ভ্যানগাড়িতে করে ভ্রাম্যমাণ বিক্রেতাদের ভ্যানগাড়ি আটক করা হয়। আর এসব ভ্রাম্যমাণ দোকানিকে মুচলেকার মাধ্যমে তাদের ১২টি ভ্যান গাড়ি ছেড়ে দেয়া হয়।
চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোশারফ হোসেন পাটওয়ারী জানান, পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদের নির্দেশে এ অভিযান চালানো হচ্ছে। ফেব্রুয়ারি মাস থেকে অবৈধ মোটরচালিত রিক্সার বিরুদ্ধে অভিযান শুরু হয়। প্রতি মাসেই এ ধরনের অভিযান পরিচালিত হবে। যত দিন না সকল রিক্সা থেকে মোটর অপসারিত করা হবে ততদিন এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে অংশ নেন চাঁদপুর মডেল থানার এসআই আঃ হালিম, টিএসআই খলিলুর রহমানসহ বেশ ক’জন ট্রাফিক পুলিশ ও পৌরসভার লাইসেন্স শাখার পরিদর্শকগণ।
