
চাঁদপুর: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮জনকে ২৬৫০টাকা জরিমানা করেছে পৃথক দু’টি ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসাইন ও আবিদা সিফাত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসাইন শহরের স্টেডিয়াম রোড, কালীবাড়ী মোড়, কোর্ট স্টেশন, পালবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ১১জনকে ১৫৯০টাকা জরিমানা করেন। একই সাথে তিনি ৭০ পিস মাস্ক বিতরণ এবং জনগণকে করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্ক ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবান জানান।
অপরদিকে লঞ্চঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত। তিনি স্বাস্থ বিধি না মানায় ৭জনকে ১ হাজার ৬০ টাকা জরিমানা করেন।
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুরে এ ধরণের ভ্রাম্যমান আদালত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
ভ্রাম্যমান আদালতে আনসার ব্যাটালিয়ান সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/
