
স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে চাপকল চুরির হিড়িক পড়েছে। মধ্য মদনা গ্রামে চোরাই চাপকল বিক্রি করতে গিয়ে হাতেনাতে দুই চোরকে আটক করেছে স্থানীয়রা। আটকৃতদের ইউনিয়ন পরিষদে নিয়ে আসার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা চুরির ঘটনা স্বীকার করে।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে আটক ওই দুই চোরকে চাঁদপুর সদর মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করেন ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারী।
আটক দুই চোর মধ্য মদনা গ্রামের দেলোয়ার গাজীর ছেলে মনির গাজী ও মোস্তফা মালের ছেলে জামাল হোসেন মাল।
মঙ্গলবার (৬ এপ্রিল) দিনগত রাতে এলাকার চিহ্নিত এই দুই চোর মদনা হক্কানিয়া মাদ্রাসার চাপকল চুরি করে স্থানীয় ভাঙ্গারী ব্যবসায়ী আবিদ হাওলাদারের কাছে বিক্রি করতে যায়। এ সময় ৬নং ওয়ার্ড মেম্বার আক্তার হোসেন ও গ্রামপুলিশ হারুনসহ স্থানীয় লোকজন ওই দুই চোরকে চোরাই চাপকলসহ হাতেনাতে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।
চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারী বলেন, এলাকার কিছু ছিঁচকে চোর রয়েছে তারা প্রতিরাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ মানুষের বসতবাড়ির চাপকল চুরি করছে। তারা চুরি করে সেই টাকা দিয়ে মাদক সেবনের ব্যয় বহন করে। এলাকার প্রায় ৩০ জন ব্যক্তি চাপকল চুরির ঘটনায় ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
