প্রতিনিধি
চাঁদপুরে ৫ মে অপহৃত আবুল কালামকে (৩০) উদ্ধারের পর এবার তার বড় ভাই আবু তাহেরকে গুম করার হুমকি দিয়েছে অপহরণকারীরা। এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
এ ঘটনায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ওরফে বোল্ডার আলমগীরের (৪৫) বিরুদ্ধে অপহরণ মামলাসহ গুমের হুমকির অভিযোগ দায়ের করা হয়েছে।
সরেজমিন জানা গেছে, আওয়ামী লীগ নেতা বোল্ডার আলমগীর ও তার সাঙ্গপাঙ্গদের ভয়ে আবুল কালামের পুরো পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অপহৃত আবুল কালামকে উদ্ধারের পর তার পরিবারের আরও ৪ সদস্যকে প্রকাশ্যে তিন দফা মারধর করা হয়।
স্থানীয় দোকানদার মহিন ও গ্রামের বৃদ্ধ বাসিন্দা বশির আহমেদ বলেন, ‘বোল্ডার আলমগীর উপজেলা আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় হাজীগঞ্জ-কচুয়া-মতলব দক্ষিণ এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছেন। বিদেশ ফেরত আলমগীর নিজেও এখন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। আওয়ামী রাজনীতির দোহাই দিয়ে তিনি এলাকায় চাঁদাবাজি ও রাহাজানি করছেন। তার কর্মকাণ্ডে পুরো এলাকাটি এখন একটি অপরাধ জোনে পরিণত হয়েছে।’
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযোগকারী আবু তাহেরের মুঠোফোনে বোল্ডার আলমগীরের মুঠোফোন থেকে তার ছোট ভাইকে অপহরণের পর এবার তাকেও গুম করার হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে আবু তাহের বলেন, ‘আমার ভাই আবুল কালাম ৫ মে অপহৃত হন। তখন আমার আরেক ভাই আবুল বাশার বাদী হয়ে বোল্ডার আলমগীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর ৬ মে, মঙ্গলবার দুপুরে বোল্ডার আলমগীর মোবাইলে আবুল কালামকে অপহরণের বিষয়ে থানায় দায়েরকৃত মামলা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমাকে গুম করার হুমকি দেয়। বোল্ডার আলমগীরের হুমকি সম্বলিত ওই মোবাইল রেকর্ডিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলমকে শুনানো হয়েছে।’
আবুল কালামের অপহরণের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করলেও মোবাইলে তার ভাই আবু তাহেরকে হুমকির কথা স্বীকার করেছেন বোল্ডার আলমগীর। তিনি বলেন, ‘মামলার আসামি করে অযথা আমাকে হয়রানির কারণেই আমি হুমকি দিয়েছি। তাদের কাছে এলাকার বিভিন্ন লোকজনের টাকা পাওনা রয়েছে। মানুষের পাওনা টাকা আদায় করে দিতেই আমি হস্তক্ষেপ করে আসছি। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে তাদের কোনো লেনদেন নেই।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিষয়টি শিগগিরই স্থানীয়ভাবে মীমাংসা করা হবে বলে জানিয়েছেন। অপহরণ ও মোবাইলে হুমকির প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের ধরতে চেষ্টা চলছে।’
উল্লেখ্য, ৫ মে অপহৃত হওয়ার পর রাতভর তিন থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকালে কচুয়া উপজেলার গোলবাহার স্কুল এন্ড কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
