স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর জেলা টাস্ক ফোর্স কমিটি জাটকা রক্ষা কার্যক্রম এর সভা বুধবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ।বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমীর আবদুল্লা মনজুরুল করীম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান, চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এনায়েত উল্লাহ,চাঁদপুর নৌ-পুলিশের এএসপি ফারুক আহমেদ ভূইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান ,সাধারণ সম্পাদক সোহেল রুশদী,চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান,চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত কবির চৌধুরী,চাঁদপুর জেলা ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ,সাধারণ সম্পাদক কমান্ডার মোঃ ছিদ্দিকুর রহমান প্রমুখ। সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল তার বক্তব্যে বলেন, জাটকা ইলিশ রক্ষায় আইন প্রয়োগে কোন দ্বিধা করবেন না । কেউ রেহাই পাবেন না । সার্বক্ষনিক নদীতে নজরদারী রাখতে হবে । বিশেষ করে ভোর রাতে মাছ ধরার চেষ্টা করা হয় । সে ব্যাপারে সজাগ থাকতে হবে । নদীতে যত ধরনের ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা পাওয়া যাবে সেগুলো জব্দ করতে হবে । এ ক্ষেত্রে প্রয়োজনে নৌকা নদীতে ডুবিয়ে দিতে হবে । স্থানীয় জনপ্রতিনিধিরা এ ব্যাপারে সহযোগিতা করছে ,তাদের সাথেও সমন্বয় থাকতে হবে । এখন থেকে জাটকা ইলিশ নিধনকারীদেরকে জরিমানার পাশাপাশি সাজা দিয়ে করে জেলে পাঠাতে হবে । এর সাথে জড়িত যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না । সামনে মাছের আড়তগুলোতে অভিযান চালাতে হবে । যেখানেই জাটকা ইলিশ পাওয়া যাবে সেসব আড়তধারদের গ্রেফতার করা হবে । তিনি বলেন , জাটকা ইলিশ রক্ষায় অভিযানে জেলা টাস্ক ফোর্স কমিটির মধ্যে সমন্বয় থাকতে হবে । চাঁদপুর জেলা প্রশাসন থেকে এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে । যে কোন উপায়ে দেশের সম্পদ ইলিশ রক্ষা করতে হবে । কোন তথ্য থাকলে সরাসরি মোবাইলে আমাকে জানাবেন । তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে । প্রয়োজনে অভিযানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্টাফদের মোবাইল টেকিং এ ব্যবস্থা নেয়া হবে । যাতে কেউ অভিযানের তথ্য পাচার করতে না পারে । তিনি আরো বলেন,মেঘনা নদীর টিলাবাড়ী,আনন্দবাজার,হরিসভা মন্দির,হরিনা ফেরীঘাট,আখনের হাট এলাকায় জাটকা ইলিশ মাছ ধরা হচ্ছে বলে অভিযোগ আসছে । এসব এলাকায় কোস্টগার্ড ,নৌপুলিশ ও মৎস্য বিভাগকে অভিযান আরো জোড়ালো করতে হবে । চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান তার বক্তব্যে বলেন,এখন থেকে নদীতে জাটকা ইলিশ রক্ষায় কোন বাধাঁ আসলে সঙ্গে সঙ্গে নিয়মিত মামলা দায়ের করতে হবে । গ্রেফতার করে জেলে পাঠাতে হবে । এ ক্ষেত্রে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে । জাটকা ইলিশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনা বাড়ানোর উপর জোর দেন ।
