জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন চাঁদপুর শহরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার হরতাল চলাকালে চাঁদপুর শহর জামায়াতের নেতৃবৃন্দ সকালে বিভিন্ন স্থানে সড়কে অগ্নিসংযোগ ও দুপুরে হরতালের সমর্থনে কালী বাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করে। মিছিলের নেতৃত্ব দেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আরিফুল্লা।
জামায়াতে ইসলামের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের রায় প্রত্যাখান করে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এবং রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল আহ্বান করে।
হরতালের প্রথম দিনে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত শহরে যানবাহন চলাচল করতে কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। দূর পাল্লার কোনো বাস ও মালবাহী গাড়ি চলাচল করতে দেখা যায়নি। ঢাকা-চাঁদপুর রূটে লঞ্চ চলাচল ছিলো স্বাভাবিক। ট্রেনও যথারীতি চলাচল করে। জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

