চাঁদপুর জেলায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭শ’ ৩৫
পাসের হার ৯৯.৪৭% পিইসিইতে জেলায় সেরা কচুয়া
স্টাফ রিপোর্টার:
২০১৬ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় চাঁদপুর জেলা থেকে সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭শ’ ৩৫জন। জিপিএ-৫ প্রাপ্তিতে এবার চাঁদপুর জেলা পেছনের সকল রেকর্ড ভেঙ্গেছে। জেলায় পাসের হার ৯৯.৪৭%। গত বছরের চেয়ে এবার পাসের হারও বেড়েছে। সবচেয়ে চমক হচ্ছে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে। গত বছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯শ’ ৫জন, আর এবার ১০ হাজার ৭শ’ ৩৫জন। পাসের হার গত বছর ছিলো ৯৮.৯১%।
এদিকে জেলার সার্বিক ফলাফল বিবেচনায় পিইসিই তথা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে জেলার শীর্ষে রয়েছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে মোট ১শ’ ৫৪ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাসসহ ১শ’ ৩৩জন জিপিএ-৫ পেয়েছে। আর বাদবাকি ২১জন ‘এ’ গ্রেড পেয়েছে। জেএসসিতেও এ স্কুলটি জেলার শীর্ষে রয়েছে।
চাঁদপুর জেলায় এবার পিইসিই তথা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট অংশ নিয়েছে ৪৮ হাজার ৭শ’ ৫১ জন, পাস করেছে ৪৮ হাজার ৫শ’ ৬৪ জন। পাসের হার ৯৯.৬২%। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৫শ’ ৩২। যা গত বছরের সংখ্যার দ্বিগুণেরও বেশি। গত বছর পরীক্ষার্থী ছিলো ৫১ হাজার ২শ’ ৩৮জন, পাস করেছে ৫০ হাজার ৪শ’ ৭৬ জন। পাসের হার ৯৯.১০%, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮শ’ ৩৫জন।
ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এ বছর অংশ নিয়েছে জেলার মোট ৫ হাজার ৯শ’ ২৮জন, পাস করেছে ৫ হাজার ৮শ’ ২৯জন। পাসের হার ৯৮.৩৩%। জিপিএ-৫ পেয়েছে ২শ’ ৩জন। আর গত বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭০জন। এবার গত বছরের চেয়ে প্রায় তিনগুণ বেশি জিপিএ-৫ পেয়েছে।
জেলার সার্বিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে, প্রাথমিক সমাপনীতে কচুয়া উপজেলার ফলাফল সবচেয়ে ভালো হয়েছে। এ উপজেলা থেকে ৭ হাজার ৭শ’ ৬৯জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৭ হাজার ৭শ’ ৬২জন। পাসের হার ৯৯.৯১%। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪শ’ ৮৬জন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সারাদেশের একযোগে পিইসিই, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
