
নিজস্ব প্রতিবেদক: জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক সোমবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে পুরাণ বাজার ছাত্রদল কর্মী আরজু নিহতের ঘটনায় বিবৃতি দিতে গিয়ে বলেন, গতকাল ১৮দলীয় জোট শান্তিপূর্ণ হরতাল পালন করে। সকাল আনুমানিক সাড়ে ১১টায় পুরাণ বাজার নতুন রাস্তায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা পুলিশের সহযোগিতা নিয়ে আরজুকে গুলি করে মেরেছে। রাতেই তার জানাযা শেষে দাফন করা হয়েছে। যখন বিএনপির শান্তিপূর্ণ হরতাল চলছিলো, ঠিক তখনি ১৪৪ ধারা ভঙ্গকরে হাজীগঞ্জে আওয়ামীলীগের মাইনুল গাজীর নেতৃত্বে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। আমরা জেলা বিএনপি ও ১৮দলের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ১৮দল আগামী কাল শান্তিপূর্ণ হরতাল কর্মসূচী পালন করবে। তিনি চাঁদপুরে রাজনৈতিক ৬টি হত্যার মন্তব্য করে বলেন, চাঁদপুরের দুই মন্ত্রী শুধু লাশ ছাড়া কিছুই উপহার দিতে পারে নাই। তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন ছাড়া আমাদের আন্দোলন চলবে। ফরিদগঞ্জে ৩জন নেতা-কর্মী এবং চাঁদপুরে আরজুর নিহতের ঘটনায় আমরা আজকে কোন কর্মসূচী ঘোষনা করলাম না। তবে ৬০ঘন্টা হরতাল শেষ হলে আমরা কর্মসূচী ঘোষণা করবো। আরজু নিহতের ঘটনায় ছাত্রদলের কর্মী দাবী করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহী জুয়েলের ২দিনের হরতাল আহবান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ ফরিদ আহমেদ মানিক ও পৌর বিএনপির সভাপতি এ বিষয়ে পরে জানানো হবে বলেন। তিনি বলেন সাংবাদিকগণ দেশের জন্য কাজ করে। তারা এ হত্যা কান্ডের সরেজমিন প্রতিবেদন করবেন। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে আরজু কার গুলিতে নিহত হয়েছে। আমরা এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত দাবী করছি। সাংবাদিক সম্মেলনের শুরুতে শহর বিএনপির সভাপতি অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন, বর্তমান অবৈধ সরকার দিয়ে দিনের পর দিন লাশের সংখ্যা বাড়ছে। এ সরকার বিগত দিনে আমাদের বহু শান্তিপূর্ণ কর্মসূচী পালন করতে দেয়নি। আমরা চাঁদপুরে সব সময় শান্তিপূর্ণ কর্মসূচী পালনের মাধ্যমে সহ অবস্থানের চেষ্টা করেছি। চাঁদপুর শহর একটি শান্তিপূর্ণ শহর। আরজু নিহতের ঘটনার প্রতিক্রিয়া হিসেবে আমরা চাঁদপুরে আন্দোলন ঝড় তুলতে পারতাম। কিন্তু শান্তি শৃংখলা নষ্ট হবে বিধায় কোন ধরনের প্রতিবাদই করিনি। ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সহযোগিতায় আরজুকে মারা হলো। সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ মো. মাকছুদুল আলম, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জীবন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক জিএম শাহীন সহ ইলেকট্রনিক্স মিডিয়া ও স্থানীয় পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাড. সলিম উল্যাহ সেলিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুনির চৌধুরী, সেলিমুস্সালাম, সদর বিএনপির সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, দপ্তর সম্পাদক মাহবুব আনোয়ার বাবলু, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জাল হোসেন চান্দু, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমূখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
