চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টনের সেজো ভাই প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ মোরশেদ আলমের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ জোহর তাঁর জানাজা শেষে পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ তোয়াহা। জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ এমএ বারী খান।
জানা যায়, ঠিকাদার মোরশেদ আলম রোববার রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঠিকাদার মোরশেদ আলম চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন এবং ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে নৌকা মার্কার প্রার্থী ডাঃ দীপু মনির নির্বাচনে ৮নং ওয়ার্ড কেন্দ্র কমিটির আহ্বায়ক ছিলেন।
