স্টাফ রিপোর্টার:
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো দলের এ গুরুত্বপূর্ণ পদে আসীন হন। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল রোববার অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজনের পরেই দ্বিতীয় নাম্বারে ডাঃ দীপু মনির নাম ঘোষণা করা হয়। পুনরায় নির্বাচিত দলের সভানেত্রী শেখ হাসিনা এ নাম ঘোষণা করেন। তাঁর ঘোষিত দলের যুগ্ম সাধারণ সম্পাদকদের ক্রমধারা হচ্ছে : মাহাবুব-উল-হানিফ, ডাঃ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। ডাঃ দীপু মনি এর আগে ২০০৯ সালে অনুষ্ঠিত দলের ১৮তম জাতীয় সম্মেলনে প্রথমবার ও ২০১২ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ১৯তম জাতীয় সম্মেলনে ২য় বার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উভয় সম্মেলনের সময়ই তিনি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ১৮তম ও ১৯তম জাতীয় সম্মেলনের পর ২০তম জাতীয় সম্মেলনেও ডাঃ দীপু মনি একই পদে পুনরায় নির্বাচিত হলেন।
ডাঃ দীপু মনি ২০০৫ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদে আসীন হয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে অভিষিক্ত হন। আর এ পদে তাঁর আগে ছিলেন সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভি রহমান। ২০০৫ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে ক’দিন পর মারা যান আইভি রহমান। দলের জন্যে নিবেদিতপ্রাণ এই নারী নেত্রীর
মৃত্যুর পর তার পদটি শূন্য হলে এ পদে ডাঃ দীপু মনিকে উপযুক্ত মনে করেন সভানেত্রী শেখ হাসিনা। এরপর থেকেই সরকার এবং দলের গুরুত্বপূর্ণ পদে তিনি আসতে থাকেন। ডাঃ দীপু মনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ভাষা সৈনিক এম এ ওয়াদুদ পাটওয়ারীর একমাত্র কন্যা।
ডাঃ দীপু মনি তাঁকে পুনরায় দলের জন্যে কাজ করার সুযোগ দেয়ায় বঙ্গবন্ধু কন্যা ও দলের সভানেত্রী শেখ হাসিনা এবং সারাদেশের কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসাথে তিনি তাঁর নির্বাচনী এলাকাসহ চাঁদপুর জেলাবাসীর প্রতিও কৃতজ্ঞতাও অভিনন্দন জানান
এদিকে ডাঃ দীপু মনিকে তৃতীয় বারের মতো এদিকে ডাঃ দীপু মনিকে তৃতীয়বারের মতো দলের যুগ্ম সাধারণ সম্পাদক করায় ঢাকায় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
