শওকত আলী
ডিমওয়ালা ইলিশ রক্ষায় চাঁদপুর পদ্মা-মেঘনায় ২২ দিন সর্বপ্রকার জাল ফেলা বন্ধ থাকবে। ফলে বন্ধ থাকবে সব ধরনের মাছ নিধন। আগামি ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। এ কার্যক্রম বাস্তবায়িত হলে এ বছর প্রায় ৩০ হাজার কোটি জাটকা উৎপন্ন হবে বলে জানিয়েছেন ইলিশ গবেষক ড. আনিছুর রহমান।
এ নির্দিষ্ট সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশ মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। ফলে সারা দেশের মতো চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার এলাকায় ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। সরকারি এ আদেশ অমান্য করলে দ-নীয় অপরাধ হিসেবে অভিযুক্তদের ১ মাস থেকে সর্বোচ্চ ২ বছর কারাদ- ও জরিমানা গুণতে হবে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানিয়েছেন, আগামি ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ডিমওয়ালা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুম হিসেবে মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ফলে সারা দেশের মতো চাঁদপুরের পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।
তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নে কাল ২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা টাস্কফোর্সের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমটার এলাকার তদসংলগ্ন নদী, মাছ বাজার ও আড়তগুলোতে প্রজনন মৌসুমে ২৪ ঘণ্টা অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নদী উপকূলীয় এলাকায় মাইকিং, ব্যানার, লিফলেট বিতরণ ও অবহিতকরণ সভা করা হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও প্রজনন মৌসুমে বরফ কলগুলো বন্ধ রাখার সম্ভাবনা রয়েছে।
ইলিশ গবেষক ড. আনিছুর রহমান জানান, প্রতি বছরের মতো এবারও প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ নিধন নিষিদ্ধ করেছে সরকার। আগামি ১৬ অক্টোবর পূর্ণিমা। সেই আলোকে এ বছর পূর্ণিমার ৪ দিন আগ থেকে ১৭ দিন পর পর্যন্ত ২২ দিনকে প্রজনন মৌসুম হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, এ সময় মাছ ধরা সম্পূর্ণ বন্ধ থাকলে প্রতিটি ইলিশ ১০ থেকে ১২ লাখ ডিম ছাড়ার সুযোগ পাবে। আর এ কার্যক্রম বাস্তবায়িত হলে কমপক্ষে ৩০ হাজার জাটকা ইলিশ রক্ষা পাবে।
শিরোনাম:
শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
