
ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে পালিয়ে আসার সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। গত শুক্রবার পর্যন্ত এ সংখ্যা ৫৯৪ হলেও গতকাল হয়েছে ৮৩২ জন। এ হিসেব চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের। এ সংখ্যা আরো বাড়তে পারে। প্রতিদিনই স্বাস্থ্য বিভাগের কর্মীরা মাঠ পর্যায়ে খবর নিয়ে এসব তথ্য সংগ্রহ করছে। তাই চাঁদপুর জেলা এখন করোনা ভাইরাসের ঝুঁকিতে পড়ে গেলো।
ঢাকা এবং নারায়ণগঞ্জ হচ্ছে করোনায় আক্রান্তের দিক দিয়ে দেশের শীর্ষে। এটিই হচ্ছে আতঙ্কের কারণ। নারায়ণগঞ্জের অবস্থা খারাপ দেখে প্রচুর লোক চাঁদপুর ঢুকে পড়েছে। গতকাল শনিবার পর্যন্ত সরকারি হিসেবে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে পালিয়ে চাঁদপুরে ঢুকেছে এমন লোকের সংখ্যা হচ্ছে ৮শ’ ৩২ জন। আর হিসেবের বাইরে তো রয়েছে আরো অনেক। তবে এই সংখ্যা আরো বাড়বে। মাঠ পর্যায়ে এখনো এই হিসেব চলছে।
চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল সর্বশেষ পাওয়া তথ্যে উপজেলাভিত্তিক এই ৮শ’ ৩২ জন হচ্ছে : চাঁদপুর সদরে ১৫৬, হাইমচরে ৪৯, মতলব উত্তরে ১৫০, মতলব দক্ষিণে ৫৩, ফরিদগঞ্জে ৫১, হাজীগঞ্জে ১৩২, কচুয়ায় ১০৭ ও শাহরাস্তিতে ১৩৪ জন।
