কি ভাষায় কথা বলো !
আমি তার কিছুই বুঝিনা ।
আমার দু চোখে দেখ
মেঘ ঝুলে আছে !
সে ভাষা বোঝো কি তুমি ?
কাল সারারাত ছিলো ঘুমহীন রাত
ক্লান্তির ছায়া মেখে তবু
চোখ কেন জেগে থাকে
রাতজাগা পাখীর মতন !
আমার আত্মায় এতো অঙ্গার কেন !
কেন এতো রোদনোন্মুখ হয়ে আছে মেঘ !
নদী তার খবর কি জানে !
কবে যাব সেই ভাঙা কবরের কাছে
অশ্বথের ঝুরি নেমে দোল খাওয়া
পাতার গন্ধের কাছে ।
কবে আমি কাঁদবো !
কবে আমি দেখব এ মুখ
তোমার হৃদয় হ্রদে
আকাশের মতো ।।
২৬ আগস্ট, ১৯৮৬ বেইলি রোড । ঢাকা

