
শাহরিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের গাছ উপড়ে ফেলায় প্রতিবাদ করলে সন্ত্রাসী হামলায় মুন্না সরকার (৪২) গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করায়। গত শনিবার সকাল সাড়ে ৯টায় দক্ষিণ দাসাদী সরকার বাড়িতে এ ঘটনা ঘটনা ঘটে।
জানা যায়, সরকার বাড়ির সাদেক সরকারের ছেলে মুন্না সরকারের পৈত্রিক সম্পত্তিতে রোপণ করা একটি রেন্টি গাছ শত্রুতাবশত একই বাড়ির হাবিব সরকারের ছেলে এমরান সরকার, মামুন সরকার উপড়ে ফেলে। এ সময় মুন্না সরকার এর প্রতিবাদ করলে তারা দু’জন দৌড়ে এসে তাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। তাকে তার স্ত্রী জেসমিন বেগম বাঁচাতে আসলে তাকেও হাবিব সরকার ও তার স্ত্রী মিনু বেগম পিটিয়ে আহত করে। এ সময় মুন্না সরকারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
স্থানীয় এলাকাবাসী জানায়, হাবিব সরকারের দু’ ছেলে এমরান ও মামুন মাদকাসক্ত হয়ে অসহায় মানুষদের উপর নির্যাতন ও হামলা চালায়। তেমনি গাছের সাথে শত্রুতা করে মুন্না সরকারের রেন্টি গাছ উপড়ে ফেলে ঝগড়ার সৃষ্টি করে। মুন্নাকে শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এদের বিরুদ্ধে এলাকায় অনেক গুরুতর অভিযোগ রয়েছে।
