
মিজান লিটন
দুর্বৃত্বের আগুনে পুড়ে গেছে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন আলগী। সদরের থানার রামপুর ইউনিয়নের অন্তর্গত সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন ও প্রস্তাবিত মকছুদা বেগম জুনিয়র হাইস্কুলটিতে অজ্ঞাত দুস্কৃতিকারীরা রাতের অন্ধকারে অগ্নি সংযোগ করে। সেমিপাকা ভবনের অন্তর্গত অফিসকক্ষ সহ ৩টি শ্রেণিকক্ষের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে, পুড়ে ছাই হয়ে গেছে অফিসের আলমারি ও সেলফে রাখা খাতাপত্র, ৫ম শ্রেণির সমাপনি পরীক্ষার সনদপত্র, রশিদবই, ছাত্র হাজিরা, বেতন রেজিষ্টার, নগদ টাকা ও মূল্যবান বইপত্র। আসবাবপত্র তথা টেবিল, ১৭টি চেয়ারসহ সকল তৈজসপত্রাদি। ২০০৪ সাল থেকে সংরক্ষিত সকল ফাইলপত্রাদি। টিনের চালের অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছে। সার্বিক ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে স্থানিয়দের অনুমান। রাতের বেলা স্থানিয় হাজার হাজার গ্রামবাসি আগুন নিয়ন্ত্রনে ঝাপিয়ে পড়ে। ফলে রক্ষা পেয়েছে বাকি কক্ষ ও বেঞ্চগুলো। সরেজমিন আলগীতে গিয়ে দেখা যায়, কোমলমতি শিশুরা তাদের প্রিয় স্কুলটিতে এসে প্রতিষ্ঠাতা ও পরিচালক ফজলুল করিম বাসেতকে ঘিরে কান্নাকাটি করছে। সাবেক ছাত্র-ছাত্রীরা এসে কান্নাজড়িত কন্ঠে শান্তণা দিচ্ছে তাদের প্রিয় স্যারকে। জানা যায়, প্রতিষ্ঠানটিতে ভাল পড়ালেখা হয়, প্রতি বছরই জিপিএ ৫ সহ ব্যাপক ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে ছাত্র-ছাত্রীরা। ফলে এলাকার জনগনের প্রাণের প্রতিষ্ঠানটিকে ধ্বংসস্তুপে পরিণত করার হিনচেষ্টাকারীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবী জানান অভিভাবক ও এলাকাবাসী। এ ব্যাপারে তারা স্থানিয় এমপি ডাঃ দিপু মণি সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ক্ষতিপূরণ করে পুনরায় শ্রেণি কার্যক্রম চালু করার দাবি জানান। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি জিডি করা হয়েছে বলে জানা যায়। একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে সূত্র জানায়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও নির্বাহি সদস্য শেখ মোঃ হারুনুর রশিদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক মোঃ মাহফুজ উল্যাহ খান, সহ-কোষাধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেনসহ বিভিন্ন কেজি স্কুলের পরিচালকগন। তারা এ ঘটনার তিব্র নিন্দা জানান এবং আশু প্রতিকার কামনা করেন। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর মডেল থানার এসআই মোঃ সাহাবুদ্দিনসহ সঙ্গিয় পুলিশফোর্স, স্থানিয় চেয়ারম্যান মোঃ জাকির হোসেন তালুকদার, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গির আলম, কোষাধ্যক্ষ মোঃ জায়েদুর রহমান জহির, চাঁদপুর কোর্ট স্টেশন মাস্টার মোঃ শাহজাহান, ইউপি সদস্য আবু রাসেল মোঃ হানিফ, স্থানিয় আওয়ামিলীগ ও বিএনপি নেতৃবৃন্দ।
