
ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জের রূপসা বাজার থেকে এক নারীকে উত্ত্যক্তকারী দু ইভটিজার সহোদর মানিক ও আল-আমিনকে পুলিশে সোপর্দ করায় এখন এলাকার ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনকে হুমকি দিচ্ছে ইভটিজারদের পক্ষে লোকমান নামে এক যুবক। এতে বাধ্য হয়ে ওই ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন লোকমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ফরিদগঞ্জের ইউএনও সাহেদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ইউপি চেয়ারম্যানের দেয়া লিখিত অভিযোগের মাধ্যমে জানা যায়, গত রোববার রূপসা বাজার থেকে দু ইভটিজারকে ছেড়ে না দিয়ে কেনো তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে, সে জন্য ইভটিজারের পক্ষ হয়ে রূপসা এলাকার মজিবুল হকের ছেলে লোকমান চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেয়।
ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, প্রকাশ্যে বাজারে এক নারীর সাথে ইভটিজিং করার অভিযোগে দু ইভটিজার সহোদর আল-আমিন ও মানিককে পুলিশে সোপর্দ করার কারণে ইভটিজারের পক্ষে লোকমানসহ তার লোকজন আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। যে কারণে বাধ্য হয়ে আমি ইউএনওর কাছে লোকমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযোগ দিয়েছি।
