মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দারিন্দা রসুলপুর গ্রামের ভূট্টাক্ষেত থেকে ৫ মাসের অন্তঃসত্ত্বা রাহিমা আক্তার (২০) নামে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ ঘিলাতলী গ্রামের মান্নান মাস্টারের ছেলে জাফরের স্ত্রী। সে দারিন্দা রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর কন্যা। প্রায় ১ বছর ৮ মাস আগে তাদের বিয়ে হয়।
২১ মে বিকেলে দারিন্দা রসুলপুর গ্রামের জহির সরকারের ভুট্টাক্ষেতে বোরকা ও সেলোয়ার-কামিজ পড়া অন্তঃসত্ত্বা মহিলার লাশ পড়ে থাকতে দেখে পার্শ্ববর্তী জমির মালিক জহির উদ্দিন চিৎকার দিলে আশপাশের লোকেজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদারকে জানানো হলে তিনি তাৎক্ষণিক মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলমকে অবহিত করেন। তিনি গতকাল রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহবধূর গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। গৃহবধূর বাবা সফিউল্লাহ মিয়াজী ইল্শেপাড়কে জানান, আমার মেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী নায়েরগাঁও কোল্ডস্টোরেজে চাকরি করে এবং ওখানেই থাকে। গত রোববার তার মেয়ে রাহিমা সকালে তাদের বাড়ি থেকে নায়েরগাঁও স্বামীর কাছে চলে যায়। সোমবার বিকেল ৪টায় রাহিমার বড় বোন ফোন করলে তাকে বলে তার এক বান্ধবীর সাথে ঢাকায় গেছে। এখন মতলবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে, বর্তমানে সায়দাবাদ আছে। সন্ধ্যা ৭টায় ফোন করলে জানায়, সে গৌরীপুর আছে। পরবর্তীতে ফোন করলে ফোনটি বন্ধ পেয়ে দুঃশ্চিন্তায় পড়ে এবং সারাদিন বিভিন্ন স্থানে খোঁজে।
রাতে তারা খবর পায় নারায়ণপুর এলাকায় এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। সাথে সাথে সেখানে গিয়ে দেখে লাশটি তার মেয়ে রাহিমার। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি। কাউকে আটকও করতে পারেনি থানা পুলিশ।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
