চাঁদপুর শহরের ষোলঘরে কুমিল্লা রোডের পাশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সাথে মাকছুদ (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২৫ নভেম্বর রাতে আত্মহত্যাকারী যুবক তাদের পৈত্রিক নিবাস দাসাদী বাবুরহাট থেকে তার পিতার সাথে অভিমান করে চলে আসে। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাশে তাদের অন্য বাড়িতে এসে রাতে ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঐ বাড়িতে সে একা থাকতো। মাকছুদ পরিবারের চার ভাই-বোনের মধ্যে সবার ছোট। তার বাবার নাম গিয়াস উদ্দিন।
নিহতের বড় ভাই মোঃ আবদুল্লা আল মামুন জানান, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় সে বাবুরহাটের বাসা থেকে চাঁদপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাশের বাসায় চলে আসে। রাতে কয়েকবার ফোন করলে মাকছুদ জানায়, আমি রাতে ফিরবো। কিন্তু মাকছুদ বাসায় না ফেরায় মামুন ২৬ নভেম্বর সকালে কুমিল্লা রোডের বাসায় গিয়ে তাকে তার ভাই অনেকক্ষণ ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখেন, গলায় দড়িতে মাকছুদ ঘরের আড়ার সাথে ঝুলে আছে। বিষয়টি তাৎক্ষণিক তার ভগি্নপতিকে জানালে তিনি পুলিশকে খবর দেন।
পুলিশের এসআই আনোয়ার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন, মাকছুদ গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
