চাঁদপুর পৌরসভার নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে যা যা করার প্রয়োজন তা-ই করা হয়েছে। আজ ভোটের দিন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত ও সতর্ক থাকবে। কথাগুলো বলেছেন চাঁদপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান। তিনি চাঁদপুর নিউজ এর সাথে একান্ত আলাপনে এ কথা বলেন।
তিনি আরো জানান, প্রতি কেন্দ্রে একজন এসআই ও এএসআইসহ ৪ জন পুলিশ সদস্য থাকবে। এ ছাড়া আনসার সদস্যরা থাকবে। আর গুরুত্বপূর্ণ তথা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ ফোর্স আরো বেশি থাকবে। পুরো নির্বাচনী এলাকার জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৩ প্লাটুন বিজিবি ও পাঁচটি টিমে র্যাব সদস্যরা থাকবেন। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ টিম নিয়ে থাকবেন। জেলা প্রশাসক পুরো নির্বাচনী কার্যক্রম মনিটরিং করবেন। পুলিশ সুপার আইনশৃঙ্খলার বিষয়টি দেখবেন। এর বাইরে নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে ইলেক্টোরাল ট্রেনিং ইন্সস্টিটিউট-এর মহাপরিচালক খন্দকার মিজানুর রহমান, কমিশনের উপ-পরিচালক ইকবাল হোসাইন, একই সংস্থার পরিচালক সাবি্বর আহমদ ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিভোর কুমার বিশ্বাস নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সব মিলিয়ে এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তিনি আশাবাদী। এ লক্ষ্যে তিনি সকল প্রার্থী, চাঁদপুরের রাজনৈতিক নেতৃবৃন্দসহ পৌরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

