প্রতিনিধি=

গত সোমবার সন্ধ্যায় ফরিদগঞ্জের মনতলা বাজারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের সময় ভাংচুর ও লুটপাটের শিকার দোকানগুলোতে ১২ ঘণ্টা না পেরুতেই গতকাল মঙ্গলবার সকালে আবারো ভাংচুর চালায় বিএনপি সমর্থকরা। রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের সীমান্তবর্তী এবং তিন থানার সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে পূর্বের দিনের মতো পুলিশ যাওয়ার কিছু আগেই হামলাকারীরা সরে পড়ে।
স্থানীয়রা জানায়, গতকাল সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে হঠাৎ করে বিএনপি সমর্থক কিছু বহিরাগত ছেলে যাদের বাড়ি গল্লাক এলাকায়, তারা মনতলা বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে অবস্থান নেয়। এরপরেই তারা বিভিন্ন দোকানে হামলা চালালে পাল্টা জবাব দেয় আওয়ামী লীগ সমর্থকরা। কিন্তু বিএনপি সমর্থকদের মারমুখী আচরণে ও এলোপাতাড়ি কাঁচের বোতল ছোঁড়ার কারণে আওয়ামী লীগের ছেলেরা পিছু হটে। প্রায় দেড় ঘণ্টা পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী পাটোয়ারী বাড়ির শাহজাহানের স্ত্রী রাহেলা ও ছাত্রলীগ কর্মী আল-আমিন আহত হন। বিএনপি সমর্থকরা দোকানপাট ছাড়াও পাটোয়ারী বাড়ির কাছারি ও পার্শ্ববর্তী একটি গণশৌচাগার ভাংচুর করে।
গতকাল মঙ্গলবার দুপুরে মনতলা বাজারে গেলে কথা হয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেলিম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সেলিম মিয়ার সাথে। তিনি জানান, আগের রাতে বিএনপির লোকেরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হামলা ও লুটপাট করে। একই কায়দায় তারা আবার আজ (গতকাল মঙ্গলবার) ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। আজকে আমার দোকানের পেছনে বাসায় হামলা চালালে বাসার মহিলারা ভয়ে বাড়ির ছাদে উঠে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে সেলিম এন্টারপ্রাইজ, রশিদ স্টোর, নাসির স্টোর, মায়া বেকারী ও পাটওয়ারী মার্কেটের ক�টি দোকান।
মনতলা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন পাটওয়ারী বলেন, আজ (গতকাল মঙ্গলবার) আবার কালকের হামলাকারীরা বাজারে হামলা চালায়। আশ্চর্যের ব্যাপার হলো, এ বাজারের যে ক�টি দোকান হামলার শিকার হয়েছে তাদের প্রতিটির মালিক কোনো না কোনোভাবে আওয়ামী লীগ করে। বিএনপির মালিকানাধীন একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়নি।
উল্লেখ্য, গত সোমবার রামগঞ্জ থেকে হাজীগঞ্জগামী এক ব্যবসায়ীকে ঐ স্থানে নামিয়ে রেখে টাকা পয়সা লুটে নেয়ার ঘটনা পরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে রূপ নেয়। গতকাল মঙ্গলবার সকালে আবারো মনতলা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও হামলার ঘটনা ঘটে।
