
ফরিদগঞ্জ প্রতিনিধি
দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই পুলিশের হাতে আটক হয়েছে ফরিদগঞ্জে কলেজ ছাত্রী মাজেদা আক্তার (১৯) হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামী স্বামী মাঈনউদ্দিন। গত সোমবার রাতে থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে পৌর এলাকার ভাটিয়ালপুর এলাকা থেকে তাকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের এসআই সফিউল আজম জানান, তারা গোপন সূত্রে সংবাদ পান আসামী মাঈনউদ্দিন লুকিয়ে প্রবাসে থাকার পর কয়েকদিন পূর্বে দেশে আসে। সে সূত্র ধরে তারা তাকে সোমবার রাতে আটকের পর গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করেন। ২২ এপ্রিল মাজেদাকে হত্যার পর থেকে মাঈনউদ্দিন পালিয়ে যায়।
উপজেলার সন্তোষপুর গ্রামের ব্যবসায়ী আমান উল্লা আমানের দ্বিতীয় মেয়ে এইচএসসি পাস করা মাজেদা আক্তারের সাথে একই উপজেলার কাছিয়াড়া গ্রামের আঃ করিম মিজির ছেলে মাঈন উদ্দিনের গত বছরের ২৩ ডিসেম্বর উভয় পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের মেহেদীর রং শুকানোর আগেই এ বছরের ২২ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে মাজেদা আক্তারকে তার শ্বশুর বাড়িতে স্বামী মাঈনউদ্দিন নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর বিছানায় লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এরপর ২৩ এপ্রিল মাজেদার মা শামছুননাহার বেগম বাদী হয়ে তার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন পূর্বক হত্যা করা হয়েছে উল্লেখ করে নিহত মাজেদা আক্তারের স্বামীকে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের (নং-১৮) করেন।
