বাড়ির পাশে গোয়ালঘরে কুড়িয়ে পাওয়া জুস খেয়ে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা আক্তার (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আরো দুই শিশু মমিন (৮) ও সাইমুন (৭) পার্শ্ববর্তী রায়পুর হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামে গত সোমবার সন্ধ্যায়। চিকিৎসাধীন অবস্থায় শিশু সানজিদার মৃত্যুর পর তার দাদা এ ব্যাপারে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গতকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় আলোনিয়া গ্রামের খলিফা বাড়ির গোয়ালঘরে কুড়িয়ে পাওয়া তিনটি সেজান জুস খেলার ছলে পান করে একই বাড়ির সানজিদা, মমিন ও সাইমুন নামে তিন শিশু। জুস খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দ্রুত পার্শ্ববর্তী উপজেলা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে যায়। সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় সানজিদাকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সোমবার গভীর রাতে সে মারা যায়। অন্য দুই শিশু রায়পুর স্বাস্থ্য কমপ্লেঙ্ইে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে ঘটনার পর নিহত শিশুটির দাদা নুরুল আমিন বাদী হয়ে মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই মমিন গতকাল বুধবার বিকেলে জানান, জুস খেয়ে শিশু মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনা সত্য। লক্ষ্মীপুর হাসপাতালে শিশুটির পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। লক্ষ্মীপুর সদর থানায় এ ব্যাপারে একটি ইউডি মামলা হলেও ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে এর সাথে কেউ জড়িত রয়েছে কি না তার তদন্ত চলছে। এদিকে বুধবার বিকেলে শিশু মমিন সুস্থ হয়ে উঠায় তাকে বাড়িতে নিয়ে আসে তার স্বজনরা। এ বিষয়ে ফরিদগঞ্জ অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, অভিযোগের আলোকে তদন্ত চলছে।
