
শাহরিয়ার খাঁন কৌশিক: ॥ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর এলাকা থেকে রেশমা আক্তার (১৭) নামে তরুনীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ও সঙ্গীয় ফোর্স রামপুর বাজার সংলগ্ন খাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রেশমা উপজেলার লড়াইচর গ্রামের সাত্তার মুন্সীর পালিত মেয়ে।
স্থানীয় বাসিন্দা জহির ভুঁইয়া জানান, রেশমাকে সকাল থেকেই খুজে পাচ্ছিলনা পরিবারের সদস্যরা। দুপুর দেড়টার দিকে লোকজন লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। পরিবারের লোকজন বলেছে তার মৃগী রোগ ছিলো। ধারণা করা হচ্ছে তার ওই রোগের কারণে খালে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান তরুনীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়াগেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
