প্রতিনিধি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জে মিছিল করাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে ছাত্রদলের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় গ্রুপের কর্মীরা দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ছাত্রদলের দু গ্রুপের অন্তত ৪/৫জন কর্মী আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি মোকাবেলা করতে দু পক্ষকেই ধাওয়া দেয়। এ সময় রাশেদ নামে এক যুবদল কর্মীকে আটক করা হয়।
জানা গেছে, গতকাল বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে জড়ো হওয়ার সময় স্থানীয় মতিন গ্রুপ ও ফজলু গ্রুপের মধ্যে হাতাহাতি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি পদের দাবিদার ফজলুর রহমান লাঞ্ছিত হন। পরে থানা পুলিশ সেখানে দ্রুত উপস্থিত হয়ে উভয় পক্ষকে সরিয়ে দিলেও ফজলু গ্রুপের লোকজন পুনরায় একত্রিত হয়ে প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে গেলে পুনরায় উভয় পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি থেকে শুরু করে পরে দফায় দফায় সংঘর্ষ এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। দু পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া কারণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। লোকজন আতঙ্কে দোকানপাট বন্ধ করে ফেলে। উভয় পক্ষের সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের ৪/৫ জন কর্মী আহত হয়। তবে মতিন গ্রুপ আরিফ নামে একজনের আহত হওয়ার কথা স্বীকার করেছে। জানা গেছে, ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় গ্রুপেরই বেশ কজন আহত হয়েছে। যদিও তারা স্বীকার করছে না। পরে পুলিশ আবারো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে ধাওয়া করে। এ সময় রাশেদ নামে এক যুবদল কর্মীকে আটক করা হয়।
এদিকে ছাত্রদলের ওই ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আঃ মতিন জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদলের নেতা-কর্মীরা স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে জড়ো হওয়ার পর নেতা-কর্মীদের সাথে ফজলুর কথা কাটাকাটির এক পর্যায়ে ফজলুর গায়ের পাঞ্জাবি ছিঁড়ে যায়। পরে পুলিশ এসে উভয় পক্ষকে সরিয়ে দিলেও কিছুক্ষণ পর ফজলু তার দলবল নিয়ে এসে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে । এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
অন্যদিকে উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা ফজলুর রহমান জানান, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি অনুযায়ী আমিসহ নেতা-কর্মীরা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে জড়ো হওয়ার এক পর্যায়ে উচ্ছৃঙ্খল কিছু কর্মী তাকে লাঞ্ছিত করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে তাদেরকে চলে যেতে বলার পর তারা স্থান ত্যাগ করে। অনেকক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে তারা পুনরায় কর্মসূচি সম্পন্ন করার জন্য প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে জড়ো হলে মতিন গ্রুপের নেতা-কর্মীরা তাদের উপর আবারো ইটপাটকেল নিক্ষেপসহ হামলা শুরু করে। উল্লেখ্য, গত ৪ নভেম্বর উপজেলা ছাত্রদলের কর্মী সমাবেশের পরে ছাত্রদলের নেতৃত্ব নিয়ে মতিন গ্রুপ ও ফজলু গ্রুপের মধ্যে কোন্দল প্রকাশ্য রূপ নেয়।
