রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে খুন হওয়া সিরাজুল ইসলাম হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই রায় প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত মো. আব্দুছ সাত্তার বর্তমানে জেলহাজতে রয়েছে। তিনি ফরিদগঞ্জ উপজেলার লড়াইচর এলাকার মৃত আশ^াদ আলী মৈশালের ছেলে। রায়ে আসামি আব্দুছ সাত্তারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। যা ভিকটিমের পরিবারকে দেয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০০ সালের ৮ ডিসেম্বর ফরিদগঞ্জ উপজেলার লড়াইচর এলাকায় জনৈক মিজানুর রহমানের বসতঘরের পশ্চিম পাশে সুপারি বাগান থেকে আব্দুস সাত্তারের স্ত্রী মনোয়ারা বেগম সুপারি গাছের বাইল নিয়ে যায়। এ নিয়ে ওইদিন আব্দুছ সাত্তার ও সিরাজুল ইসলামের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আব্দুছ ছাত্তার কুড়াল নিয়ে সিরাজুল ইসলামকে আঘাত করে। এতে সিরাজুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় সিরাজুল ইসলামের ভাই মিজানুর রহমান বাদী হয়ে ২০০০ সালের ৮ ডিসেম্বর ফরিদগঞ্জ থানায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ২০০১ সালের ২৭ জুন ফরিদগঞ্জ থানার এসআই ফারুক আহাম্মদ চৌধুরী এবং এসআই স্বপন কুমার মজুমদার আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতে মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ৭ জন সাক্ষ্য দেয়।
