ফরিদগঞ্জ : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় টয়লেট থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয়দের খবর পেয়ে শুক্রবার সকালে উপজেলার চির্কা চাঁদপুর গ্রামে জামালের বাড়ির টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়। ওইসময় মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল বাতেন জানান, বোরকা ও সালোয়ার-কামিজ পরা মৃহদেহটি ২০/২২ বছর বয়সী তরুণীর। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। এছাড়া গলায় ওড়না ও গামছা প্যাঁচানো ছিলো। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
