ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলের দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি এমরান হোসেন লিটনের কৃষ্ণপুর ওয়াপদা অফিস সংলগ্ন মিনি মার্কেটে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে এবং খাজুরিয়া বাজারের আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানসহ দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল মোটর সাইকেল, ইলেকট্রনিক্স সামগ্রীসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
জানা গেছে, গত ৫ মার্চ উপজেলার কৃষ্ণপুর ওয়াপদা অফিস সংলগ্ন মিনি মার্কেটে অবস্থিত ফাহিম ট্রেডার্সে সার্টার ভেঙ্গে রাতে উপজেলার অজ্ঞাত চোরের দল একটি ওয়ালটন মোটর সাইকেল, ফ্ল্যাক্সি লোডের ৩টি মোবাইল সেট, নগদ ১৮হাজার ৮শ’ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এব্যাপারে এমরান হোসেন লিটন বাদী হয়ে বৃহষ্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিটন জানায়, গত ৫ মার্চ মঙ্গলবার সকালে ঢাকার মোকামের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি বন্ধ করে যায়। বৃহষ্পতিবার সকালে স্থানীয় লোকজন তাকে জানায়, তার ব্যবসা প্রতিষ্ঠানের সার্টার খোলা এবং মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। পরে সে দোকানে এসে চুরির ঘটনা দেখতে পায়। এদিকে একই দিন উপজেলার খাজুরিয়া বাজারের মদিনা গিফট কর্নার নামে দোকানের পিছনের স্টীলের দরজা ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা, মোবাইল ফোনের ব্যাটারী, মেমরীকার্ড , ফ্ল্যাক্সি লোডের কয়েকটি মোবাইল সেট এবং কসমেটিকস সামগ্রী চুরি করে নিয়ে যায়। এব্যাপারে ওই দোকানের মালিক রবিউল বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে।

