
ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জের পল্লীতে মা-বাবার সাথে অভিমান করে ১৮ বছর বয়সী এক নারী এবং স্বামীর পরকীয়ার সন্দেহে ঝগড়ার এক পর্যায়ে এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে। বর্তমানে ওই নারী ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকলেও গৃহবধূর অবস্থার অবনতি হওয়ায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার রূপসা এলাকার দেলোয়ার হোসেনের ১৮ বছর বয়সী মেয়ে লাইলী (ছদ্মনাম) এক যুবকের সাথে দীর্ঘদিন থেকে প্রেম করে আসছিলো। বিষয়টি টের পেয়ে তার মা-বাবা তাকে বকাঝকা দেয়ায় সে অভিমানে গতকাল শনিবার সকালে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অপরদিকে উপজেলার পশ্চিম পোয়া গ্রামের জালাল হোসেনের স্ত্রী দু সন্তানের জননী নাজমা বেগম (২৮) তার স্বামী পরকীয়ায় আসক্ত এমন সন্দেহে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে গতকাল শনিবার সকালে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
