স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার আদশা গ্রাম এলাকায় বিকাশের উপজেলা পরিবেশকের ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় ফরিদগঞ্জ ও হামইচর উপজেলা পরিবেশক মোঃ সেকান্দর আলী মিয়াজী বাদী হয়ে গত ১৭ জুন ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-১৩৭/১৪)।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামের মোঃ সেকান্দর আলী মিয়াজী ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলা বিকাশের পরিবেশক। তার বিকাশের বিলি করণের ৩ লাখ ৯০ হাজার টাকা তার কর্মচারী দেলোয়ার হোসেন মিল্টন বিলি করার জন্য গত ১৬ জুন সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে ফরিদগঞ্জ উপজেলার লতিফগঞ্জ বাজারে যায়। ওই বাজারের শিল্পী
ফার্মেসির মালিক কামাল এবং শাহপরান মোবাইলের মালিক বিল্লালকে ১৫ হাজার টাকা দেয়। বাকি ৩ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে মিল্টন ওই বাজার থেকে আদশা গ্রামের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালামের বাড়ির নিকট রাস্তা দিয়ে ফরিদগঞ্জের দিকে আসছিলো। পথিমধ্যে অজ্ঞাতনামা দু যুবক নাম্বারবিহীন পালসার কালো রংয়ের মোটর সাইকেল নিয়ে মিল্টনের পথ রোধ করে। এ সময় তারা তার সঙ্গে থাকা ৩ লাখ ৭৫ হাজার টাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে আরো দু জন লোক থাকলেও তারা কোনো কথা বলেনি। পরে দেলোয়ার চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। কিন্তু কেউ তাদের পরিচয় দেয়নি। তাৎক্ষণিক দেলোয়ার ঘটনাটি মালিককে জানায়। পরে এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় মামলা হওয়ার পর মামলার তদন্ত দেয়া হয় এসআই মাহবুবুর রহমানকে। এ ঘটনার তদন্ত চলছে।
