
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট এলাকায় মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় ফয়েজ আহমেদ (৩০) নামে এক যুবককে পিটিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। গুরুতর আহত অবস্থায় ফয়েজ চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মঙ্গলবার হাসপাতালের ২য় তলার পুরুষ বিভাগে গিয়ে জানা যায়, ফরিদগঞ্জ টোরা মুন্সিরহাট সাচনবেঘ গ্রামের জামাল ভূইয়া বাড়ীর আব্দুল কাদির ভূইয়ার ছেলে ফয়েজ ভূইয়ার বসতঘরের পাশে আবু তাহেরের ছেলে সোহাগ মুন্সি প্রতিরাতে মাদক বিক্রি ও সেবন করে আসছে। ফরিদগঞ্জে বিভিন্ন এলাকা থেকে মাদক সেবীরা ঐ এলাকায় গিয়ে মাদক বিক্রেতা সোহাগের কাছ থেকে ফেন্সিডিল ক্রয় করে সেখানে খেয়ে ফয়েজের বসত ঘরের পিছনে খালি বোতল ফেলে রাখে। ফয়েজ খালি বোতলগুলো কুড়িয়ে ফেলানোর সময় মাদক বিক্রেতা সোহাগের সাথে বাক বিতন্ডা সৃষ্টি হয়। এছারা ফয়েজের বাড়ির পিছনে প্রতিদিন মাদক বিক্রি ও সেবন করায় মাদক ব্যবসায়ি সোহাগের বাবার কাছে নালিশ দেয়। এতে মাদক ব্যবসায়ী সোহাগ ও তার মামাতো ভাই গিয়াস উদ্দিন মজুমদার ক্ষিপ্ত হয়ে গত ৫ দিন পূর্বে ফয়েজকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে অর্তকিত ভাবে হামলা চালিয়ে গুরুতর ভাবে আহত করে। এ ঘটনায় ঐ এলাকার ৫নং ওয়ার্ডের বাচ্চু মেম্বার জানায় মাদকের প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় ভাবে দুই পক্ষকে নিয়ে বসে সমাধান করা হবে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
