প্রতিনিধি
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক নির্ধারিত সময়ে কর্মস্থলে না আসায় এবং অনুমতি বা ছুটি না নিয়ে অনুপস্থিত থাকায় তার জন্য নির্ধারিত কক্ষে তালা মারলেন হাসপাতালের ইউএইচও ডাঃ মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। যদিও পরবর্তীতে হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারে অবস্থান করা ওই চিকিৎসক ডাঃ শায়লা জাহান শিমু উপস্থিত হয়ে অসুস্থ থাকার কারণে আসতে পারেন নি বলে দুঃখ প্রকাশ করলে তালা খুলে দেয়া হয়।
স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার সকালে হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাঃ শায়লা জাহান শিমুকে তার নির্ধারিত কক্ষে না পেয়ে রোগী ও তার স্বজনরা অপেক্ষার এক পর্যায়ে ইউএইচও ডাঃ মোজাম্মেল হক ভূঁইয়াকে অবহিত করেন। তিনি ওই চিকিৎসকের ব্যক্তিগত মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে না পারায় ওই চিকিৎসকের নির্ধারিত ৯নং কক্ষে তিনি তালা মেরে দেন। পরে তিনি সংবাদ পান ওই চিকিৎসক হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারে রয়েছেন। তিনি কর্মচারী পাঠিয়ে তাকে ডেকে নিয়ে আসেন। ডাঃ শায়লা উপস্থিত হয়ে ইউএইচওকে দেরী হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে জানান, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নির্ধারিত সময়ে আসতে পারেন নি। এ ব্যাপারে ইউএইচও ডাঃ মোজাম্মেল হক ডাঃ শায়লার কক্ষে তালা মারার বিষয়টি স্বীকার করে বলেন, ওই চিকিৎসক ফোনে অসুস্থ হয়ে পড়ার বিষয়টি জানাতে পারতেন। তিনি হাসপাতাল কোয়ার্টারে অবস্থান করছেন জানার পর ওই চিকিৎসকের খোঁজ নিতে গিয়ে জানতে পারেন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তিনি তার কক্ষের তালা খুলে দেন। এদিকে চিকিৎসকের কক্ষে ইউএইচও তালা মারার ঘটনায় অনেককেই উৎফুল্ল দেখা গেছে। এ রকম কয়েকজন জানান, এ হাসপাতালের কয়েকজন চিকিৎসক দিনের পর দিন সরকারি দায়ত্ব পালন না করে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত রয়েছেন। এ ঘটনা সেসব চিকিৎসক এবং নতুন যারা যোগ দিয়েছেন তাদের জন্য সতর্কীকরণ চিহ্ন হিসেবে থাকবে।
