ফরিদগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে জুনায়েদ (১৯) নামে এক যুবক। এলাকাবাসী উক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে সোমবার সকালে আদালতে পাঠানোর পাশাপাশি শিশুটিকে পরীক্ষার জন্যে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাটি ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুরে ঘটে।
জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের বিল্লাল হোসেন মনার ছেলে জুনায়েদ (১৯) তার খালার বাড়ি ভাটিয়ালপুরে বেড়াতে আসে। রোববার সন্ধ্যার সময় ওই বাড়ির একটি ঘরে ৫ বছরের ওই শিশুটি টিভি দেখার সময় তাকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ও তার মা এগিয়ে আসে। এ সময় বিক্ষুব্ধ লোকজন জুনায়েদকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে রোববার রাতেই শিশুটির মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে (নং-৬। তাং- ১৩/১১/২০১৬)।
