ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়গঞ্জ সড়ক অবরোধ করেছে ফরিদগঞ্জ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে সড়কের চরকুমিড়া এলাকায় অন্তত ১০টি গাছ কেটে গুঁড়ি ফেলে ও সড়কে আগুন দিয়ে অবরোধ করে ছাত্রলীগের একটি অংশ।
দলীয় নেতাকর্মীরা জানান, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় দুটি মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম রিপন ও ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি স্বপনকে আটক করে। এর প্রতিবাদে আটককৃতদের মুক্তি ও নবগঠিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে ছাত্রলীগের একটি অংশ। এতে চাঁদপুরের সঙ্গে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আটকা পড়ে রাস্তার দু’ পাশে শত শত পণ্যবাহী ট্রাকসহ যানবাহন।
ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের নির্বাচিত কমিটি থাকা সত্ত্বেও স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া ব্যক্তিগতভাবে অপর একটি কমিটি ঘোষণা করেন। এ নিয়ে এখন ফরিদগঞ্জ ছাত্রলীগের কোন্দল ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
ফদিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক জানান, সড়কের গাছ অপসারণ করে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। আর আটক দুই নেতাকে চাঁদপুর কোর্টে পাঠানো হয়েছে।
শিরোনাম:
রবিবার , ১৫ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

