মো : শিমুল হাছান।
চাঁদপুরের ফরিদগঞ্জে এক সংখ্যা লঘু পরিবারে উপর হামলা চালিয়ে বাড়িঘর ও প্রতিমা ভাংচুর করেছে। এসময় তাদের বাঁধা দিলে ২জন মহিলাসহ ৪জনকে পিটিয়ে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় তুলনী রানী সরকার (৬০) ও সুমিত্রা সরকার (২৭) ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ আালমগীর হোসেন ও ইলিয়াছ হোসেনকে আটক করেছে। ঘটনাটি উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শুক্রবার ঘটে। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় শুক্রবার রাতে মামলা দায়ের হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সংখ্যালঘু পরিবারটি আতংকে রয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগে প্রকাশ, পাইকপাড়া সরকার বাড়িতে উত্তরাধিকার সূত্রে বসবাস করে আসছে মামলার বাদী প্রসেনজিৎ সরকার ও তার পরিবারের সদস্যরা। নিরীহ এই পরিবারটি বিভিন্ন বাজারে বুট বাদাম বিক্রি করে তাদের সংসার চালায়। স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহযোগিতা নিয়ে জুয়েল হোসেনসহ তার লোকজন ওই বাড়িতে সম্পত্তি দখল করে ঘর বাড়ি তুলে বসবাস করছে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। এর মধ্যেও তারা বিভিন্ন সময়ে নানা হুমকি ধমকি অব্যাহত রাখে।
শুক্রবার হঠাৎ করেই জুয়েল হোসেনের নেতৃত্বে ৮/১০জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বসত ঘরে ও ঘরে থাকা মহিলাদের উপর হামলা করে। এসময় তারা বৃদ্ধা তুলনী রানী সরকার (৬০), সুমিত্রা সরকার (২৭), সুচিত্রা সরকার(৩৩) , রুমা সরকার(৩০) উপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় মহিলাদের শ্লীলতাহানীর ঘটনা ঘটে। এছাড়া হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুরের পাশাপাশি ঘরের মধ্যে থাকা মন্দিরে রক্ষিত লক্ষ্মী প্রতিমাটি ভেঙ্গে ফেলে।
পরে আহতদের আাত্মচিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রসেনজিৎ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তদের দুই জন আলমগীর হোসেন ও ইলিয়াছ হোসেনকে আটক করে। পরে শুক্রবার রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের (নং-০৩।তাং-২/২/২০১৮) হয়। শনিবার দুপুরে আটকৃতদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
মামলার বাদী প্রসেনজিৎ সরকার জানান, তারা পৈত্রিক সূত্রে এই সম্পত্তির প্রকৃত মালিক হলেও তাদেরকে উচ্ছেদের জন্য একের পর এক ঘটনা ঘটাচ্ছে তারা। সর্বশেষ তার ঘরে হামলাও বসতঘরে ধ্বংসযজ্ঞ চালায়। সে আরও জানায়, প্রতিপক্ষরা তাদের এখন উল্টো ফাঁসানোর জন্য চেষ্টা করছে। বর্তমানে তারা আতংকে রয়েছেন।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ দুইজনকে আটক করেছে। মামলাটি তদন্ত চলছে।
