
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর চরদুখিয়া এলাকায় চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কাঞ্চন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার ১১ নং চরদুখিয়া ইউনিয়নের (পূর্ব) বেড়ি বাজারে এ ঘটনা ঘটে। কাঞ্চন একই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের আলী আহম্মদ কবিরাজের ছেলে।
ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন লোক জানায়, সন্তোষপুর বেড়ির বাজারের দোকানদার শিব্বিরের কাছে কাঞ্চন টাকা দাবি করে। একপর্যায়ে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানী শিব্বিরকে কাঞ্চন ছুড়ি নিয়ে আঘাত করতে আসলে শিব্বির,সহ জাকির ও মুনসুর মেম্বার তাকে ধরে ফেলে। পরে শিব্বির তার ছুরি দিয়ে কাঞ্চনকে ছুরিকাঘাত করে।
কাঞ্চন এলাকার অনেক লোকের কাছে চাঁদাবাজি করে। কয়েকদিন আগে ছিনতাইয়ের ঘটনায় তাকে এলাকার লোকজন মারধর করে। তার ঘায়ে কাঁটা চিহ্ন রয়েছে। সে খুব দুষ্ট পক্রিতির লোক ছিলো। সিএনজি চালকরা তার ভয়ে সেই এলাকায় যেতে ভয় পেতো। সে সব সময় ছুরি নিয়ে হাঁটতো।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স পাঠানো হয়। কাঞ্চনের অবস্থা আশংকা জনক দেখে পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খুনের সংক্রান্ত সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত কাউকে খুঁজে পায়নি। এঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য যুবকের মরদেহ চাঁদপুর মডেল থানা হেফাজতে রয়েছে।
