চৌধুরী ইয়াসিন ইকরাম
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র প্রকাশ ও হুমকি দেয়ায় চাঁদপুর শহরের পুরাণবাজার থেকে ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে চাঁদপুর সদর এসপি সার্কেল কাজী হেলাল উদ্দিন, মডেল থানার ওসি আবদুল কাইউম, সেকেন্ড অফিসার মনির হোসেন ও পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ আবু সাঈদ অভিযান চালিয়ে রয়েজ রোড এলাকা থেকে তাদেরকে আটক করে। এরা হলেন দক্ষিণ বালিয়া এলাকার হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মুসলেহ উদ্দিন বেপারী (২২) ও পশ্চিম জাফরাবাদ এলাকার শাহাদাত হোসেন ঢালী (২৫)।
পুরাণবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আবু সাঈদের সাথে আপলাপকালে তিনি জানান, শরীয়তপুর এলাকার পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীকে ফেসবুকে হুমকি প্রদান করায় একজনকে শরীয়তপুরে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র কোথায় পেয়েছে জানতে চাইলে পুরাণবাজার এলাকার শাহাদাত ঢালীর কথা বলে। এর সূত্র ধরেই চাঁদপুর জেলা পুলিশকে বিষয়টি অবগত করলে গতকাল সকালে রয়েজ রোডের মিয়াজী ভবনের নিচ তলায় শাহাদাতের কম্পিউটার দোকান থেকে মেশিনপত্র ও ল্যাপটপ জব্দ করে। পুলিশ সূত্রে আরো জানা যায়, ল্যাপটপে শরীয়তপুরে আটক যুবকের স্বীকারোক্তি অনুযায়ী সবকিছুই শাহাদাতের ল্যাপটপে মডেল থানা পুলিশ খুঁজে পায়। তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ (২) ও ৬৩ (২) ধারায় মামলা হয়েছে। মামলা নং- ১১। আটক ২ জনকে গতকাল বিকেলে শরীয়তপুর পুলিশের হাতে তুলে দেয় মডেল থানা পুলিশ।
