চাঁদপুর নিউজ রিপোর্ট
বৃহস্পতিবার পৃথক ঘটনায় হতাহতের এসব ঘটনা ঘটে। এদের মধ্যে রাজধানীতে দু’জন কলেজছাত্র রয়েছে।
নিহতদের মধ্যে সিরাজগঞ্জে ৫ জন, পাবনায় ৪, কিশোরগঞ্জে ৪, নরসিংদীতে ৩, রাজশাহীতে ৩, ব্রাহ্মণবাড়িয়ায় ৩, ঢাকায় ২, নেত্রকোনায় ২, নাটোরে ২, গাজীপুরে ২ এবং হবিগঞ্জ, নীলফামারী, নওগাঁ, দিনাজপুর ও পিরোজুপরে একজন নিহত হয়েছেন।
ঢাকা
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় বজ্রপাতে রাজধানীর ডেমরার কাঠেরপুল এলাকায় কলেজ ছাত্র তাহসান লিংকন (২১) ও শাহেদ (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান (১৮) নামে আরেক কলেজ ছাত্র আহত হয়েছেন।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বজ্রপাতে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। তারা হলেন- রায়গঞ্জ উপজেলার চকপুর গ্রামের নুর নবীর শিশু কন্যা নুপুর খাতুন (৮), বৈকণ্ঠপুর গ্রামের দারুজ্জামানের ছেলে আব্দুল মোতালেব (৪২), একই উপজেলার বেতগাতী গ্রামের বাসিন্দা এবং রায়গঞ্জের হাসিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন (৪৫), উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের আব্দুল লতিফ (৩৫) ও বেতুয়া গ্রামের গৃহবধু শাহিনুর বেগম (৩০)। এর মধ্যে বৈকুণ্ঠপুর এলাকায় বজ্রপাতে দুটি গরুও মারা গেছে।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের হোসেনপুর ও বাজিতপুর উপজেলায় বজ্রপাতে কলেজছাত্র শরীফুল ইসলাম শুভ (১৮) ও শ্রমিক স্বপন মিয়া (২০) মারা গেছেন।মৃতরা হলেন-বাজতিপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের কাইকড়ি গ্রামের আবু বক্করে স্ত্রী রিজিয়া বেগম (৫৬), দিলালপুর ইউনিয়নের বাহেরনগর এলাকার মঞ্জু মিয়ার ছেলে স্বপন মিয়া (২০), তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের আব্দুর কুদ্দুসের স্ত্রী মমতা বেগম (৪৫) ও হোসেনপুরের আড়াইবাড়িয়া গ্রামের রহমত আলীর ছেলে শরীফুল ইসলাম শুভ (১৮)। তিনি হোসেনপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
নরসিংদী
নরসিংদী সদর ও রায়পুরায় বজ্রপাতে নারী-পুরুষসহ ৩ জন নিহত ও দু’জন আহত হয়েছেন। নিহতরা হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর গ্রামের জোছনা বেগম (৩৮), নরসিংদী সদর উপজেলার মহিসাষুরা গ্রমের কৃষক আব্দুল করিম (৫০) ও নজরপুরের চরাঞ্চলের গৃহবধূ ফুলি বেগম (৩২)। আহতরা হলেন- তায়েব আলী (১৭) ও মেহর বেগম (৪০)।
পাবনা
পাবনার আমিনপুরের পৃথক স্থানে বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। তারা হলেন- ইউনিয়নের আহম্মদপুর ইউনিয়নের দক্ষিণচর গ্রামের মৃত রইছ সরদারের ছেলে শহীদ সর্দার (৫৮), সোনাতলা গ্রামের ইউসুফ সেখ ওরফে এছো সেখের ছেলে হীরা (১৩), বাঘলপুর গ্রামের ময়েন সরদার (৬৫) ও তার নাতনী মৃত শিরু সরদারের মেয়ে শিখা খাতুন (১৩)।
রাজশাহী
বৃহস্পতিবার বেলা ২টার দিকে মোহনপুরের ঘাষিগ্রাম ইউনিয়নে দুপুরে বৃষ্টির সময় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আজিজ ও সত্যচন্দ্র মারা যান। আব্দুল আব্দুর রাজ্জাক নামের আরেকজন নিজ বাড়িতে বজ্রপাতে নিহত হন।
মোহনপুরে বজ্রপাতে আহতরা হলেন- পোল্লাকুড়ি গ্রামের জালাল উদ্দিন, বারইপাড়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আলিমন বেগম ও মোল্লা ডায়িং গ্রামের ছমির উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম এবং বাগমারার ধামিনপুর গ্রামের রহিমা বেগম।
হবিগঞ্জ
জেলার বানিয়াচংয়ের হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন কৃষক হাবিব মিয়া (৩০)।
নীলফামারী
বৃহস্পতিবার দুপরে কিশোরীগঞ্জ উপজেলার ফুলের ঘাট গ্রামে নিজ বাড়ির রান্নাঘরে বজ্রপাতে নিহত হয়েছেন দুই সন্তানের জননী লালবিবি।
নেত্রকোনা
জেলার পূর্বধলা উপজেলায় বজ্রপাতে রুবেল মিয়া (২৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামের আবদুল বারেকের ছেলে। এ সময় রুবেলের চাচি রেজিয়া আক্তার বজ্রপাতে আহত হন।
আর জেলার কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে রইছ উদ্দিন নামে এক কৃষক নিহত হয়েছেন।
নাটোর
নাটোরের লালপুরে এক নারীসহ দু’জন নিহত হয়েছেন।এ ঘটনায় অপর এক নারীসহ দুজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- উত্তর লালপুরের বান্টু আলীর স্ত্রী সাহারা বানু ও রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোবারক আলী (৩০)। আহতরা হলেন- মোহরকয়া গ্রামে আব্দুস সালামের স্ত্রী পাপিয়া খাতুন (২৫) ও কাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে সাজেদুল ইসলাম।
গাজীপুর
গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতে এক কৃষি শ্রমিক ও গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সাতানা গ্রামের সানাউল্লাহ বেপারীর ছেলে মো. সাত্তার আলী (২৬) ও কাপাসিয়ার খিরাটি গ্রামের কাজল মিয়ার স্ত্রী রুবিনা (৪০)।
নওগাঁ
জেলার আত্রাইয়ে বজ্রপাতে জয়নাল উদ্দিন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বিষা উত্তর গ্রামের মৃত ব্যাঙ্গা প্রামাণিকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন- উপজেলার চরশিবপুর গ্রামের সফিকুল ইসলাম, ইছাপুর গ্রামের সামছুল ইসলাম ও কানাইনগর গ্রামের কবির হোসেন।
দিনাজপুর
দিনাজপুরের ফুলবাড়ীতে বজ্রপাতে মঙ্গল মুর্মু (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাসুবেদপুর গ্রামের মৃত উমান মুর্মুর ছেলে।
পিরোজপুর
জেলার মঠবাড়িয়ায় ভারী বর্ষণের সময় বজ্রাঘাতে ইউনুস সিকদার (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় নিহত কৃষক ইউনুসের ছোট ভাইয়ের স্ত্রী গৃহবধূ আয়েশা বেগম (৪৫) আহত হন।
