
কামরুজ্জামান টুটুল
বাকিলা বাজারের ফল ব্যবসায়ী শাহ আলম সর্দার (৪০) নিখোঁজ হয়েছেন। এই মর্মে শাহ আলমের স্ত্রী রহিমা বেগম গত ১৪ সেপ্টেম্বর হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন, যার নং ৬৩৫।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর দিনভর শাহ আলম বাকিলা বাজারের স্কুল মার্কেটের সামনে নিজের ফলের দোকানে দোকানদারী করেন। ঐ দিন রাত আনুমানিক ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি আসার কথা থাকলেও বাড়িতে না এসে তিনি নিখোঁজ হন। পরে শাহ আলমের মুঠোফোনে বার বার ফোন করা হলেও ঐ ফোনটি কেউ রিসিভ করেনি। পরের দিন অর্থাৎ ১৪ সেপ্টেম্বর থেকে শাহ আলমের মুঠোফোনটি বন্ধ যাওয়া যায়। এদিকে শাহ আলমকে খুঁজতে সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করে তার খোঁজ না পেয়ে থানায় ডায়েরিটি করা হয়।
শাহ আলম চাঁদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল হালকা লম্বাটে, পরনে শার্ট ও লুঙ্গি ছিলো।
এ বিষয়ে শাহ আলমের বাবা আবুল হোসেন সর্দার জানান, সকল স্থানে যোগাযোগ করে তাকে না পেয়ে পুলিশের কাছে গিয়েছি। আমি জানি না আমার ছেলের ভাগ্যে কী হয়েছে।
শাহ আলম নিখোঁজের ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।
