
প্রতিনিধি
চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে আসছে একটি কু-চক্রী মহল। জানা যায়, আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল বিভিন্ন কৌশলে ও রাজনৈতিকভাবে তাকে হয়রানি করার চেষ্টা করছে।
হরতাল ও অবরোধ হলে চাঁদপুর-ফরিদগঞ্জ রায়পুর সড়কের গাছতলায় গাড়ি ভাংচুর ও গাছ কেটে গাছ ফেলে সড়ক অবরোধ করলে একটি মহল চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানকে দায়ী করে থাকে এবং তাকে অভিযুক্ত করে প্রশাসনকে অবহিত করে থাকে। গাছতলা এলাকায় সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর করার ঘটনায় মোহাম্মদ আলী পাঠানকে দায়ী করার কারণ হচ্ছে ওই এলাকায় তার বাড়ি।
এ ব্যাপারে চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান জানান, গাছতলা মাদ্রাসা ও আমার বাড়ির লোকজনের দুর্নাম ছড়ানো ও হয়রানি করার জন্যে কে বা কারা অবরোধ ও হরতালের সময় গাছ কেটে ও গাড়ি ভাংচুর করে তা আমাদের জানা নেই। যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার জন্যে আমার সহযোগিতা থাকবে। একটি কুচক্রী মহল অর্থের বিনিময়ে সালিস বৈঠক করে দোষীকে নির্দোষ প্রমাণিত করে, নির্দোষীকে দোষী সাব্যস্ত করে থাকে। যার প্রতিবাদ করায় ওই মহলটি আমাকে হয়রানি করাসহ আমার মান-সম্মান নষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে।
