চাঁদপুর সদর উপজেলার বাগাদী দরবার শরীফের মরহুম পীর আলহাজ্ব মাওলানা ছালামত উল্যাহ খান (রহঃ)-এর সুযোগ্য নাতী ও মরহুম আলহাজ্ব ছায়েদ উল্যাহ খান (রহঃ)-এর পুত্র বাগাদী দরবার শরীফের পীর সাহেব (ছোট হুজুর) আলহাজ্ব হযরত মাওলানা আরিফ উল্যাহ খান গতকাল শনিবার সকাল ১০টা ১০ মিনিটের সময় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ——– রাজেউন)।
বাগাদী দরবার শরীফের পীরজাদা মাহফুজ উল্যাহ খান জানান, মাওলানা আরিফ উল্যাহ খান বাইপাস অপারেশনের রোগী ছিলেন এবং দীর্ঘদিন তিনি উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর এবং তিনি ৩ পুত্র ১ কন্যা ও ১ স্ত্রী রেখে যান।
তনি দীর্ঘদিন বাগাদী দরবার শরীফের দায়িত্বে থেকে দরবারের প্রতিষ্ঠান বাগাদী আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক, বাগাদী নিজগাছতলা ছালামত উল্যাহ খান (রহঃ) ঈদগাহর খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ৮নং বাগাদী ইউনিয়নের কাজী ছিলেন। তাঁর মৃত্যুতে বাগাদী অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা ভক্ত ও মুরিদগণ শোকাহত
আজ সকাল সাড়ে ৮টায় মরহুমের জানাজার নামাজ বাগাদী দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

