চাঁদপুর সদর উপজেলা বাগাদী দরবার শরীফের পীর (ছোট হুজুর) মরহুম মাওঃ আরিফ উল্যাহ খানের জানাজার নামাজ শোকার্ত হাজারো মানুষের উপস্থিতিতে গতকাল রোববার সকালে বাগাদী দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বাগাদী আহমদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠ পরিপূর্ণ হয়ে পাশের চাঁদপুর-রায়পুর সড়কে মুসলি্লরা জানাজার নামাজ আদায় করেন। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ভাই পীরসাহেব আলহাজ্ব মাওঃ একেএম নেয়ামত উল্যাহ খান।
জানাজা পূর্বে মুসলি্লদের সমাবেশে পীরজাদা মাওঃ মাহফুজ উল্যাহ খানের পরিচালনায় মরহুমের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওঃ খাজা ওয়ালী উল্যাহ, নানুপুর পীরসাহেবের জামাতা মাওঃ মেহেদী হাসান, বাগাদী আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু আব্দুল্লাহ মোহাম্মদ খান, উপাধ্যক্ষ মাওঃ আহসান উল্যাহ, চাঁদপুর আহমদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুস্তাফিজুর রহমান, বালিথুবা দরবার শরীফের পীর মাওঃ মমিনুল হক, রোটারিয়ান মোঃ মিজানুর রহমান খান, মরহুমের চাচাতো ভাই মোঃ সাইফুল্লাহ খান নোমানী, নিকটাত্মীয় কবির আহমদ ওসমানী, মাওঃ আবু জাফর মোঃ সালেহ, বাগাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান, ভাতিজা বরকত উল্যাহ খান, জেলা কাজী সমিতির সভাপতি মাওঃ ফজলুল কবির, মরহুমের বড় ছেলে আশেকুল আরেফীন নাহিদ প্রমুখ।
উল্লেখ্য, মরহুম পীর আলহাজ্ব মাওঃ ছালামত উল্যাহ খান (রহঃ)-এর নাতী ও মাওঃ ছায়েদ উল্যাহ খান (রহঃ)-এর পুত্র বাগাদী দরবার শরীফের (ছোট হুজুর) আলহাজ্ব হযরত মাওলানা আরিফ উল্যাহ খান শনিবার সকাল ১০ টা ১০ মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, মাওঃ আরিফ উল্যাহ খান বাইপাস অপারেশনের রোগী ছিলেন এবং দীর্ঘদিন থেকে তিনি উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর এবং তিনি ৩ পুত্র ১ কন্যা ও ১ স্ত্রী রেখে যান। তাঁর মৃত্যুতে চাঁদপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা ভক্ত-মুরীদগণ ও বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
মরহুম মাওঃ আরিফ উল্যাহ খান দীর্ঘদিন বাগাদী দরবার শরীফের দায়িত্বে থেকে দরবারের প্রতিষ্ঠান বাগাদী আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক ও বাগাদী নিজগাছতলা ছালামত উল্যাহ খান (রহঃ) ঈদগাহর খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ৮নং বাগাদী ইউনিয়ন কাজীর দায়িত্বে ছিলেন।
আজ সোমবার বাদ আছর মরহুমের বাড়ির মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের ভক্ত মুরীদানসহ সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

