সবাইর স্বপ্ন থাকে সংসার বাঁধার। কারো কারো স্বপ্ন পূরণ হয়। আবার কারো কারো স্বপ্ন কাল বৈশাখী ঝড়ে যেনো চুরমার হয়ে যায়। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। বাস্তবে তা পূরণ হয় না। যেমনি পূরণ হয়নি জনৈক সাইফুলের।
চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের ঘাসিপুর গ্রামের হাছান খানের মেয়ে সেলিনা আক্তার (১৯)-এর সাথে ইচলী এলাকার সেকান্দর দর্জির ছেলে সাইফুলের গত ১৬ মার্চ শুক্রবার বিয়ে হয়। বিয়ের ৮ দিনের মাথায় সেলিনা আক্তার গত শুক্রবার ২৩ মার্চ তার বাবার বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
জানা যায়, ঘটনার দিন রাতে স্বামী স্ত্রী একত্রে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সেলিনা আক্তার পাশের দোচলা ঘরে গিয়ে বাসের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সেলিনাকে ঘরে না দেখে আশেপাশে খুঁজতে গিয়ে দেখা যায় সে পাশের দোচলা ঘরে ফাঁসিতে ঝুলে রয়েছে।
একটি সূত্রে জানা যায়, সেলিনার মতের বাইরে তাকে বিয়ে দেয়া হয়। তার সাথে অন্য একটি ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। ঐ প্রেমের সূত্র ধরে সে আত্মহত্যা করে। খবর পেয়ে রাতেই চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
