উঠতিবয়সী দুই তরুণ বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালিয়ে আঃ জলিল পাটওয়ারী নামে এক ব্যক্তিকে গুরুতর আহত করে। আহত আঃ জলিল ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল মঙ্গলবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামী ওই দুই তরুণকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে ১৪ এপ্রিল রাতে। এদিন রাত ৯টায় চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর শহরে উঠতিবয়সী বেশকিছু তরুণ ও কিশোর বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে আসছে। বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনায় পতিত হয়ে অনেকের প্রাণ যাচ্ছে।
শহরের নাজিরপাড়া ও বিপণীবাগ এলাকার নাহিদ (১৪) ও হৃদয় (১৪) হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। এরা এতোটাই বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলো যে, তার শিকার হয় পথচারী আঃ জলিল পাটওয়ারী। জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলার গাবুয়া পাটওয়ারী বাড়ির আব্দুল জলিল পাটওয়ারী (বর্তমান নতুন আলিমপাড়ার বাসিন্দা) চাঁদপুর আউটার স্টেডিয়াম মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলো। পথে স্টেডিয়াম রোডে ওই দুই তরুণ নাহিদ ও হৃদয় বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তারা জলিলকে মোটরসাইকেলে চাপা দেয়। এতে করে জলিল পাটওয়ারী মাথায় প্রচ- আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ও বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ কাকন জলিল পাটওয়ারীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আব্দুল জলিল পাটওয়ারী গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে গত সোমবার দুপুরে আব্দুল জলিল পাটওয়ারীর বড়ভাই মোঃ হানিফ পাটওয়ারী বেপরোয়া মোটরসাইকেল চালক হৃদয় ও নাহিদকে অভিযুক্ত করে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিরাজ হোসেন খান ওইদিন গভীর রাতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। আটকের কয়েক ঘণ্টা পরেই আহত জলিল পাটওয়ারী এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরাজ হোসেন খান জানান, এতো অল্প বয়সী কিশোরদের হাতে এমন মোটরসাইকেল অভিভাবকরা কেনইবা দিয়ে থাকেন। এরা এতোটাই বেপরোয়াভাবে শহরে গাড়ি চালিয়ে থাকে, তাতে করে দুর্ঘটনা ঘটছে। আমরা আইনীভাবে হৃদয় ও নাহিদ নামের ২ কিশোরকেই এ ঘটনায় আটক করে থানায় এনেছি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
গতকাল বাদ আছর চাঁদপুর স্টেডিয়াম মার্কেটের সামনে ব্যবসায়ীরা জলিল পাটওয়ারীর মৃত্যুতে গায়েবানা জানাজা নামাজ পড়েন। বাদ এশা জলিল পাটওয়ারীর গ্রামের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার গাবুয়া পাটওয়ারী বাড়ির সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত জলিল পাটওয়ারী স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
