মাহবুব আলম লাভলু; মতলব উত্তর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র মতলব-৩ বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গতকাল রোববার বাংলা প্রথম পত্র পরীক্ষায় নির্ধারিত সময়ের পরও লিখতে সুযোগ না দেয়ায় ও পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহযোগীতা না করায় পরীক্ষা শেষে কেন্দ্রের ১০ নম্বর কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলামকে সন্ত্রাসীরা পিটিয়ে ডান পা ভেঙ্গে দেওয়াসহ মারাত্মক আহত করেছে। এ ঘটনায় প্রধান আসামী মোঃ ইকবাল সরকারকে মতলব উত্তর থানা পুলিশ আটক করেছে।
মতলব -৩ পরীক্ষা কেন্দ্র ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের ১০ নম্বর কক্ষের বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ঈশিতা আক্তারসহ ওই কক্ষের অন্যান্য পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত সময় না দেওয়া এবং নকল করতে সুযোগ না দেয়ার কারণে পরীক্ষা শেষে ওই কক্ষের দায়িত্বরত পর্যবেক্ষক ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম পরীক্ষা শেষে বের হয়ে যাওয়ার পথে ঈশিতার বাবা ইকবাল সরকার, ভাই অপু সরকারসহ ৮-১০ জন সন্ত্রাসীরা শিক্ষককে গতিরোধ করে এলোপাথারীভাবে পিটিয়ে ডান পা ভেঙ্গে দেওয়াসহ মারাত্মক আহত করে। পরে ওই শিক্ষকের ডাক চিৎকারে অন্যান্য শিক্ষকগণ ও পথচারীরা তাকে উদ্ধার করে। পরে তাকে পাশ্ববর্তী সাদুল্যাপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরপর সন্ত্রাসীরা কেন্দ্র সচিব রফিকুল ইসলামকেও মারার উদ্দেশ্যে লাঠিসোটা নিয়া কেন্দ্র সচিবের কক্ষের দিকে ঢুকতে চাইলে পুলিশ ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের উপর হামলার কারণে ওই কেন্দ্রে আগামী পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে এবং আজ সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে বলে সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ জানান। এই ঘটনায় গতকাল রোববার বিকেলে মতলব উত্তর থানায় কেন্দ্র সচিব ও বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে মোঃ ইকবাল সরকার ও অপু সরকারসহ আরো কয়েক জনের নামে মামলা করেছেন। এই ঘটনায় বিকেল ৫টায় পুলিশ প্রধান আসামী মোঃ ইকবাল সরকারকে আটক করেছে।
উলে�খ্য মতলব-৩ বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি মতলব উত্তর উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে নদীর তীরে অবস্থিত। কেন্দ্রটি সব সময়ই ঝুঁকিপূর্ণ ও নিরাপত্তাহীনতায় থাকে। এর পূর্বেও ওই কেন্দ্রে শিক্ষকদের উপর হামলাসহ অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের চরম নিরাপত্তাহীনতা থাকা সত্ত্বেও কেন্দ্রটি বিকল্প কোন ভেন্যুতে নেওয়া হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, বিষয়টি বোর্ড কর্তৃপক্ষ ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
