
মতলব পৌর এলাকার মধ্য কলাদী এলাকায় একটি বাসায় গলায় ফাঁস দিয়ে আফসানা মিমি (১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। গত ২৩ জুন মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।
পরিবার ও পুলিশ জানায়, মধ্য কলাদী এলাকায় আব্দুর রব মিয়ার ভবনের তিন তলায় আফসানার বড় বোন হালিমা ভাড়া থাকেন। আফসানা তার বোনের বাসায় থেকে পড়াশুনা করতো।
ঘটনার দিন হালিমা তার ৪ বছরের শিশু ছেলেকে আফসানার কাছে রেখে দক্ষিণ বাইশপুরে বাপের বাড়ি যান। সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন ভিতর থেকে দরজা লাগানো। আশপাশের লোকজনের সহায়তায় হালিমা ঘরে ঢুকে দেখে মিমি ফাঁসিতে ঝুলছে।
আফসানার আত্মহত্যার বিষয়ে তাৎক্ষণিক কেউই কিছু বলেনি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামের মনির হোসেন ফরাজীর ছোট মেয়ে আফসানা। সে শহরের রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তো।
মতলব থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ বুধবার সকালে পোস্টমর্টমের জন্যে মর্গে পাঠানো হয়। তবে কী কারণে আত্মহত্যা ঘটেছে তা জানা যায়নি।
