প্রতিনিধি
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল ১ জুন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই বেলায়েত হোসেন মধ্যম দিঘলদী গ্রামের শিমুলতলা বাজার এলাকা থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ রাসেল মিজি (২৪)কে আটক করে থানায় নিয়ে আসে। সে বাবুরহাটের চাঁদ বেকারীর মালামাল ফেরি করে বিভিন্ন স্থানে বিক্রি করার অন্তরালে গাঁজা ব্যবসা করে আসছে বলে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়। রাসেল মিজি দক্ষিণ দিঘলদী গ্রামের বক্সী মিজি বাড়ির ছেলে। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অপরদিকে ওসির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘোষপাড়া এলাকার মাদক ব্যবসায়ী বিমল ও শ্যামল ঘোষের বাড়িতে তল্লাশি চালায়। এতে ৫২ পিচ ইয়াবাসহ বিমল ঘোষের স্ত্রী স্বরস্বতী (৪০)কে আটক করে পুলিশ। এছাড়া ঐ ঘরে থাকা বিমল ঘোষের পুত্রবধূ উজ্জলা (২০), তাদের মিষ্টি দোকানের কর্মচারী শিঙ্কু ও পলাশকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া অভিযান চালিয়ে কলেজ গেট এলাকা থেকে মোঃ বিল্লাল হোসেন নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
